সোমবার, ৩০ নভেম্বর ২০১৫
সিটিজিবার্তা২৪ডটকম
লাইফ স্টাইল : আমলকি খেতে কিছুটা কষ স্বাদের অনুভূতি হয়। এটার কারণে অনেকেই এই পুষ্টিকর ফলটি এড়িয়ে যান। আবার অনেকে কষ্ট করে খেয়ে নেন উপকারের কথা ভেবে। আমলকি খাওয়ার পর অন্য খাবার খেতে সুস্বাদু লাগার আশায় অনেকে খান। তবে আস্ত বা গোটা ফলটি আচার অবস্থায় খেতে অসাধারণ। জিভে জল আনতে সে আচারের জুড়ি মেলা দায়। এবার দেখে নিবো গোটা আমলকির আচার বানানোর সহজ পদ্ধতি।
উপকরন :
বড় আকারের আমলকি আধা কেজি, সরিষার তেল দেড় কাপ, চিনি ২ টেবিল চামচ, পাঁচফোড়ন ১ চা চামচ, শুকনা মরিচ বাটা ১ চা চামচ, হলুদ গুঁড়া আধা চা চামচ, জিরা গুঁড়া ১ চা চামচ, ধনিয়া গুঁড়া ১ চা চামচ, পাঁচফোড়ন গুঁড়া ১ চা চামচ, সরিষা বাটা ১ চা চামচ এবং লবণ স্বাদমত।
প্রস্তত প্রণালী :
আমলকি ধুয়ে পানি ঝরিয়ে নিতে হবে। তারপর আমলকির চারপাশ হালকা করে চিরে নিতে হবে। হলুদ ও লবণ মেখে রোদে হালকা শুকিয়ে নিন। এরপর প্যানে তেল দিয়ে তাতে পাঁচফোড়ন দিতে হবে। তার ভেতর আমলকি দিয়ে কিছুক্ষণ নাড়তে হবে। এরপর লবণ, চিনি ও সব মসলা দিয়ে কিছুক্ষণ নেড়ে আমলকি নরম হলে নামিয়ে নিন। দুই তিন দিন রোদে দিয়ে বয়ামে ভরে সংরক্ষণ করতে পারেন দীর্ঘদিন।




