বুধবার,০২ নভেম্বর ২০১৬
গাজীপুর জেলা প্রতিনিধি ঃ গাজীপুর সিটি কর্পোরেশনের বনগ্রাম কুচপাড়া গজারী বন থেকে ককটেল, পেট্রোলবোমা, দেশীয় অস্ত্র, জিহাদি বই ও পতাকাসহ পাঁচ জঙ্গিকে গ্রেফতার করেছে পুলিশ।
১ নভেম্বর মঙ্গলবার রাত সোয়া ১১টার দিকে এগুলো উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন, বগুড়া সদরের কাউসিল পাড়া এলাকার আব্দুল কাসেমের ছেলে ইঞ্জিনিয়ার মোঃ তানভীরুল হক সজল (২৩), কিশোরগঞ্জের বাজিতপুর থানার সাতুটা এলাকার সিরাজ মিয়ার ছেলে মোঃ হারুন মিয়া (৩৭), একই এলাকার মোঃ জঙ্গু মিয়ার ছেলে মোঃ হোসেন (২৯), রমজান আলীর ছেলে দ্বীন ইসলাম (৩৫) এবং আব্দুল হেকিমের ছেলে মোঃ আব্দুল হান্নান (৩৫)।
২ নভেম্বর বুধবার বেলা সাড়ে ১১টার দিকে গাজীপুরের পুলিশ সুপার মোহাম্মদ হারুন অর রশীদ তার কার্যালয়ে এক সাংবাদিক সম্মেলনে ওইসব তথ্য জানান।
ব্রিফিংকালে মোহাম্মদ হারুন অর রশীদ বলেন, গাজীপুর সিটির জয়দেবপুর থানাধীন বনগ্রাম কুচপাড়া গজারীবনে ১০-১৫ জন সন্ত্রাসী ও জঙ্গি সদস্যরা ত্রাস সৃষ্টি ও নাশকতামূলক কর্মকাণ্ড করার জন্য সভা করছে এমন খবর পেয়ে মঙ্গলবার রাত সোয়া ১১টার দিকে গাজীপুর জেলা পুলিশের স্পেশাল টাস্ক গ্রুপের (এসটিজি) সদস্য সেখানে অভিযান চালায়। পরে ওই জঙ্গিদের গ্রেফতার করা হয় এবং তাদের কাছ থেকে ৬টি ককটেল, ৫টি পেট্রোলবোমা, ১টি চাপাতি, ২টি ছোরা, বেশ কিছু জেহাদি বই ও ২টি কালো পতাকা উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেফতারদের মধ্যে তানভীরুল হক একজন ইলেকিট্রক্যাল ইঞ্জিনিয়ার বলেও জানান তিনি।
এসপি হারুন আরো বলেন, জঙ্গিদের শক্তি এখন অনেক কমে গেলেও নতুন সদস্য সংগ্রহ ও প্রশিক্ষণের কাজেই বেশি ব্যস্ত। জঙ্গিরা এখন তাদের প্রশিক্ষণ ও পরামর্শ সভার জন্য বন বাদারকে ব্যবহার করছে।
তিনি আরও বলেন, শেষ জঙ্গিটির অস্তিত্ব থাকা পর্যন্ত এ আটক অভিযান চলবে।
এ ঘটনায় জয়দেবপুর থানায় বিস্ফোরক ও সন্ত্রাসবিরোধী আইনে দুটি মামলা হয়েছে।





