BREAKING NEWS
Search

নৌকার প্রার্থী আইভীকে বিজয়ী করে আনো তারপর সব হবে: প্রধানমন্ত্রী

সিটিজিবার্তা২৪ডটকম,  নিউজ ডেস্কক

বুধবার, ২৩ নভেম্বর ২০১৬

দলীয় নেতা-কর্মীদের আগামী নির্বাচনের প্রস্তুতি নিতে বলেছেন প্রধানমন্ত্রী

ফাইল ছবি

নারায়ণগঞ্জের ক্ষমতাসীন আওয়ামী লীগের সংসদ সদস্য ও  প্রভাবশালী ওসমান পরিবারের সদস্য শামীম ওসমান নাসিক নির্বাচনে সরকার দলীয় মেয়র প্রার্থী ডা. সেলিনা হায়াৎ আইভীর বিরুদ্ধে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সামনে বিস্তর অভিযোগ আনেন। এছাড়া, অভিযোগ আনেন নারায়ণগঞ্জ জেলা ও মহানগরের দলীয় নেতারা।

অভিযোগ, পাল্টা অভিযোগ ও আইভীর যুক্তি খণ্ডনের মধ্য দিয়ে মঙ্গলবার রাতে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচন ও স্থানীয় আওয়ামী লীগের ভেতরে ঐক্য ফিরিয়ে আনতে গণভবনে অনুষ্ঠিত সভায় এক পর্যায়ে আইভী-শামীম দুজনই উত্তেজিত হয়ে পড়েন।

শেখ হাসিনাকে উদ্দেশ করে শামীম ওসমান আইভীর বিরুদ্ধে অভিযোগ আনেন, ‘নেত্রী আইভী আপনার বিরুদ্ধে, আমার বিরুদ্ধে, নারায়ণগঞ্জ আওয়ামী লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে কথা বলে। তাকে মনোনয়ন দেওয়া এবং তার বিরুদ্ধে নারায়ণগঞ্জের নেতাকর্মীদের নির্বাচনী কাজে নামানো কঠিন হয়ে পড়বে।’

এর জবাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ‘আমার বিরুদ্ধে কথা বললে সেটা আমি দেখব। তাছাড়া, আইভী আমার বিরুদ্ধে, তোমার বিরুদ্ধে নারায়ণগঞ্জ আওয়ামী লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে কথা বলে, এসব আমি এই মুহূর্তে শুনতে চাই না।’

শেখ হাসিনা বলেন, ‘আওয়ামী লীগ আইভীকে মনোনয়ন দিয়েছে। আইভীর পক্ষে তোমাদের কাজ করতে হবে। এর বাইরে আর কোনও কথা আমি শুনবো না।’

আইভী-শামীমের অভিযোগ- পাল্টা অভিযোগের এক পর্যায়ে প্রধানমন্ত্রী বলেন, ‘কাঁদা ছোড়াছোড়ি বন্ধ করে ঐক্যবদ্ধভাবে কাজ করো।’

প্রধানমন্ত্রী বলেন, ‘ফুটবল খেলায় গোল দিতে স্টাইকার লাগে। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনে এখন স্টাইকার আইভী, আমি খোঁজ নিয়েছি।’

বৈঠকে উপস্থিত একাধিক কেন্দ্রীয় নেতা সংবাদমাধ্যমের কাছে এসব তথ্য নিশ্চিত করেন।

মঙ্গলবার রাতে গণভবনে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচন নিয়ে আওয়ামী লীগের মেয়র প্রার্থী ডা. সেলিনা হায়াৎ আইভী ও দলীয় সংসদ সদস্য শামীম ওসমানসহ নারায়ণগঞ্জের দলীয় নেতাদের সঙ্গে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং দলের কেন্দ্রীয় নেতারা বৈঠকে মিলিত হন। নারায়ণগঞ্জের সবাই ঐক্যবদ্ধ করাই ছিল এ বৈঠকের মূল উদ্দেশ্য।

সভাপতিমণ্ডলীর একজন  সদস্য ও সম্পাদকমণ্ডলীর তিন নেতা বলেন, বৈঠকে শামীম ওসমান শেখ হাসিনার দৃষ্টি আকর্ষণ করে বলেন, ‘আইভী আপনার বিরুদ্ধে, আওয়ামী লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে এবং আমি শামীম ওসমানের বিরুদ্ধে যা ইচ্ছা তাই বলে। শামীম ওসমানের সঙ্গে আইভীর বিষোদগার করেন নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেনও।’

জবাবে শেখ হাসিনা বলেন, ‘নৌকার প্রার্থীকে বিজয়ী করবে এটাই আমি চাই।’

শেখ হাসিনা মেয়র প্রার্থী আইভীর পক্ষে অবস্থান নিলে আনোয়ার হোসেন বলেন, ‘নেত্রী আমি আর নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের সভাপতির দায়িত্ব পালন করতে চাই না। আমি পদত্যাগ করতে চাই। আমাকে অনুমতি দিন। আমি বিদায় নিতে চাই।’

জবাবে শেখ হাসিনা বলেন, ‘রিজাইন লেটার দাও।বিদায় দিয়ে দেবো।’

সূত্র জানায়, শামীম ওসমানসহ নারায়ণগঞ্জ জেলা ও মহানগর আওয়ামী লীগ নেতারা আইভীর বিরুদ্ধে বলেন, ‘আপা (শেখ হাসিনা) আইভী আপনার বিরুদ্ধে পর্যন্ত কথা বলে।’

এর জবাবে আইভী কাঁদো কাঁদো কণ্ঠে বলেন, ‘নেত্রী আমি আপনার বিরুদ্ধে কখনও কোনও কথা বলিনি। আমার বিরুদ্ধে আনা সকল অভিযোগ মিথ্যা ও বানোয়াট। আইভী বলেন, নারায়ণগঞ্জে একটি শ্রমিক সমবেশের বক্তব্যে আমি বলেছি, ‘জয়বাংলা শুধু আওয়ামী লীগের শ্লোগান নয়। জয়বাংলা বাঙালির শ্লোগান।’

আমি বলেছি, ‘শামীম ওসমান নারায়ণগঞ্জে আওয়ামী লীগকে কুক্ষিগত করতে চায়।’

এ সময় শেখ হাসিনা বলেন, ‘সত্যিই তো জয়বাংলা শুধু আওয়ামী লীগের শ্লোগান নয়, বাঙালির শ্লোগান। আমিও তো এটা বলি।’

আইভী বলেন, ‘আমি নারায়ণগঞ্জে ত্বকী হত্যার প্রতিবাদ করেছি। আমি তখন শামীম ওসমানের পক্ষ নেইনি, এটাই আমার অপরাধ।’

আইভীর বিরুদ্ধে একে পর এক অভিযোগ আনতে থাকলে তিনি শেখ হাসিনাকে উদ্দেশ করে বলেন, ‘ঠিক আছে আপা, মনোনয়ন আনোয়ার ভাইকে দেন। আমি নির্বাচন করব না।’

বৈঠক সূত্র আরো জানায়, আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা যখন আইভীর পক্ষে কাজ করতে সবাইকে নির্দেশ দেন, তখন শামীম ওসমানসহ নারায়ণগঞ্জের সকল নেতাকর্মী নৌকার পক্ষে কাজ করার অঙ্গিকার করেন শেখ হাসিনার কাছে। তবে আইভীকে নারায়ণগঞ্জ আওয়ামী লীগের নেতাকর্মীদের কাছে ক্ষমা চাইতে হবে, এ প্রস্তাব আনেন শামীম ওসমানের অনুসারীরা।

জবাবে শেখ হাসিনা বলেন, ‘আগে নৌকার প্রার্থীকে বিজয়ী করে আনো। তারপর সব হবে।’

তখন শেখ হাসিনাকে উদ্দেশ করে শামীম ওসমানসহ অনুসারীরা বলেন, ‘আপা  আমি ও আমরা আপনার ছায়াতলে থাকতে চাই।’

জবাবে প্রধানমন্ত্রী বলেন, ‘আগে আইভীকে বিজয়ী করে আনো, তখন ছায়াতলে থাকবা।’

এরপর আইভী শামীমসহ গণভবনে উপস্থিত নারায়ণগঞ্জের সকল নেতাকে একে অপরের সঙ্গে মিলিয়ে দিয়ে শেখ হাসিনা বলেন, যাও কাজ করো।

আমি বিশ্বাস করি, ‘সবাই মিলে কাজ করলে আইভীই জিতবে। নৌকা জিতবে।’

এরপর নারায়ণগঞ্জের সবাই একে অপরের সঙ্গে কুশল বিনিময় করেন শেখ হাসিনার সামনেই।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *