শনিবার, ৯ জানুয়ারি, ২০১৬
সিটিজিবার্তা২৪ডটকম
খেলা ডেস্ক : কোপা দেল রে’তে দুই ম্যাচের জন্য নিষিদ্ধ হয়েছেন বার্সেলোনার উরুগুইয়ান তারকা লুইস সুয়ারেজ। গত বুধবার ডার্বিতে এস্পানিওলকে ৪-১ গোলে হারায় বার্সেলোনা। তাই কোয়ার্টারের পথ অনেকটা মারিয়েই রেখেছেন মেসি-নেইমাররা। এমন ম্যাচ থেকেও বার্সার জন্য দুঃসংবাদ। ওই ম্যাচে খেলা শেষে প্রতিপক্ষ খেলোয়াড়দের উস্কানি দেয়ায় দুই ম্যাচের জন্য নিষিদ্ধ করা হয়েছে এই উরুগুইয়ানকে। অবশ্য এক বিবৃতিতে বার্সা নিষেধাজ্ঞার বিরুদ্ধে আপিলের কথা জানিয়েছে।
কোপা দেল রে’টাই যেন স্পেনের এখন সবচেয়ে উত্তেজনাপূর্ণ টুর্নামেন্টে পরিণত হয়েছে। ইতোমধ্যে নিষিদ্ধ খেলোয়াড়কে মাঠে নামিয়ে চলতি মৌসুমের জন্য নিষিদ্ধ হয়েছে রিয়াল মাদ্রিদ। বার্সেলোনাকেও এখন গুরুত্বপূর্ণ সময়ে সুয়ারেজের নিষেধাজ্ঞার খরগ মাথায় নিতে হল। বার্সার বিপক্ষে ম্যাচে প্রথমার্ধে ২-১ গোলে পিছিয়ে থাকা এস্পানিয়ল মেজাজ হারিয়ে ফেলে। ফাউল করতে থাকে একের পর এক।
এর মাশুলও দিতে হয়েছে এস্পানিওলকে। তারা এই অর্ধে দুটি লাল কার্ড পেয়েছে। দুদলকে দেখানো হয় ১৩ হলুদ কার্ড। এস্পানিওলের আচরণে মেসি পর্যন্ত মেজাজ হারিয়ে ফেলেন। খেলার ৭৫ মিনিটে সুয়ারেজকে উদ্দেশ্য করে বাজে মন্তব্য করায় সরাসরি লাল কার্ড পেয়ে মাঠ ছাড়েন দলটির মিডফিল্ডনার দিয়োপ।
সুয়ারেজের ক্ষোভটা যেন তাতেও মেটেনি। তাই তো খেলা শেষে প্রতিপক্ষের খেলোয়াড়রা পাশ দিয়ে যাওয়ার সময় তিনিও উস্কানিমূলক কথা বলেন। সুয়ারেজ তখন বলেছিলেন, ‘তোমাদের জন্যই অপেক্ষা করছি। এদিকে আসো। তোমরা সবাই অপদার্থ।’
এতে ম্যাচ রেফারি সুয়ারেজের বিরুদ্ধে রিপোর্ট করেন। সেই রিপোর্টের ভিত্তিতেই স্প্যানিশ ফুটবল ফেডারেশন তাকে দুই ম্যাচ নিষিদ্ধ করে। তাই আগামী বুধবার এস্পানিওলের বিপক্ষে কোপা দেল রে’তে শেষ ষোলোর দ্বিতীয় লেগে সাইড বেঞ্চেই থাকতে হবে সুয়ারেজকে।
