নিজস্ব প্রতিবেদক, সিটিজিবার্তা২৪ডটকম
রোববার, ৭ আগস্ট ২০১৬
চট্টগ্রাম: সিটি কর্পোরেশন একটি সেবামূলক প্রতিষ্ঠান। সেবা প্রদানে দায়িত্ব পালনকালীন সময়ে কোন অবহেলা সহ্য করা হবে না। জাইকার মাধ্যমে বাস্তবায়িত প্রকল্পের বস্তি উন্নয়ন মাঠ সংগঠক ও প্রশিক্ষকদের সম্মানি চেক হস্তান্তর ও মতবিনিময় সভায় মেয়র আ.জ.ম নাছির উদ্দীন এ মন্তব্য করেন।
রোববার (৭ আগস্ট) দুপুরে নগর ভবন সম্মেলন কক্ষে কাউন্সিলর মো. জহুরুল আলম জসিম এর সভপতিত্বে অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র আলহাজ্ব আ জ ম নাছির উদ্দীন। অনুষ্ঠানে বক্তব্য রাখেন ১১ নং ওয়ার্ড কাউন্সিলর মোরশেদ আকতার চৌধুরী, সংরক্ষিত ওয়ার্ড কাউন্সিলর মনোয়ারা বেগম মনি, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সচিব মোহাম্মদ আবুল হোসেন, প্রধাননগর পরিকল্পনাবিদ প্রকৌশলী এ কে এম রেজাউল করিম, জাইকার সিনিয়র বস্তি উন্নয়ন কর্মকর্তা সনজিৎ কুমার দাশ, সিটি কর্পোরেশনের বস্তি উন্নয়ন কর্মকর্তা মো. মঈনুল হোসেন আলী জয়, জাইকার সোসিও ইকোনোমিষ্ট মো. মাহমুদুল হাছান চৌধুরী ও বস্তি উন্নয়ন পরিদর্শক মো. রফিকুল আলম সহ অন্যরা।
প্রধান অতিথির বক্তব্যে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র আলহাজ্ব আ জ ম নাছির উদ্দীন বস্তিতে কর্মরত মাঠ সংগঠক, স্বাস্থ্য কর্মী ও শিক্ষকদের উদ্দেশ্যে বলেন, আপনাদের উপর অর্পিত দায়িত্ব শতভাগ সততা ও নিষ্ঠার সাথে পালন করতে হবে। আপনাদের উপর দেশের ভাবমূর্তি নির্ভর করে।
মেয়র আরো বলেন, চট্টগ্রাম সিটি কর্পোরেশন একটি সেবামূলক প্রতিষ্ঠান। সেবা প্রদানে দায়িত্ব পালনকালীন সময়ে কোন অবহেলা সহ্য করা হবে না। এখানে ফাঁকি দেওয়ার কোন সুযোগ নেই। সঠিকভাবে দায়িত্ব পালন করলে দেশের ভাবমূর্তি উজ্জ্বল হবে এবং বিদেশী দাতা সংস্থারা উন্নয়নে সহযোগী হবে।
অনুষ্ঠানে সিটি মেয়র বস্তি উন্নয়ন প্রকল্পে কর্মরত ৩০ জন মাঠসংগঠক, স্বাস্থ্য কর্মী ও শিক্ষক প্রত্যেককে পাঁচ হাজার দুইশত পঞ্চাশ টাকা করে এক মাসের সম্মানিভাতা মোট এক লক্ষ সাতান্ন হাজার পাঁচ শত টাকার চেক হস্তান্তর করেন।





