Thursday,19 Oct 2017
Ctgbarta24.com
কক্সবাজারের টেকনাফ উপজেলার বিভিন্ন স্থানে মাদকদ্রব্য বিরোধী যৌথ টাস্কফোর্স অভিযান চালানো হয়েছে।
গতকাল বুধবার ( ১৮ অক্টোবর) বিকেল ০৫ টা থেকে রাত ৮.৩০ মিনিট পর্যন্ত টেকনাফ এলাকার কয়েকটি বাড়িতে অভিযান চালায় মাদকদ্রব্য বিরোধী যৌথ টাস্কফোর্স টিম।
এসময় টেকনাফ উপজেলা পরিষদের চেয়ারম্যানের বাড়ি থেকে ৩১ জন রোহিঙ্গা নারী-শিশুকে উদ্ধার করা হয়েছে।অভিযানে কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনের আওয়ামী লীগ দলীয় সাংসদ আবদুর রহমান বদির ছোট ভাই আবদুস শুক্কুর, পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর রেজাউল করিম, শীলবনিয়া পাড়ার সাইফুল করিম ( ২০১৫ সালে কক্সবাজার জেলা থেকে জাতীয় রাজস্ব বোর্ড কর্তৃক সেরা করদাতা পুরস্কার প্রাপ্ত ও এই বছর ২০১৭ সালেও জাতীয় রাজস্ব বোর্ড কর্তৃক কক্সবাজার জেলা ভিত্তিক সেরা করদাতা হিসেবে মনোনয়ন প্রাপ্ত হয়েছেন) এবং উপজেলা পরিষদের চেয়ারম্যান জাফর আহমদের বাড়িতে তল্লাশি চালানো হয়।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিচালক ( অপারেশন) তওফিক উদ্দিন আহমেদ বলেন, প্রধানমন্ত্রীর কার্যালয়ের নির্দেশে এই মাদকদ্রব্য বিরোধী অভিযান চালানো হয়েছে।
এ সময় সাইফুলের বাড়িতে দরজায় বারনিশের কাজের জন্য রাখা ব্যবহৃত স্পিরিট পাওয়ায় ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এ ছাড়া উপজেলা চেয়ারম্যানের বাড়ি থেকে ৩১ জন রোহিঙ্গা নারী-শিশুকে উদ্ধার করা হয়। উদ্ধার করা রোহিঙ্গাদের ক্যাম্পে পাঠানোর পাশাপাশি আশ্রয়দাতার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। এ অভিযান অব্যাহত থাকবে।
অভিযানে নেতৃত্ব দেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিচালক (অপারেশন) সৈয়দ তওফিক উদ্দিন আহমেদ। এ সময় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর চট্টগ্রাম বিভাগের অতিরিক্ত পরিচালক মো. ফজলুল রহমান, কক্সবাজার জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট এহসান মুরাদ, র্যাব, বিজিবি, পুলিশ, আনসার ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।




