শুক্রবার, ০৪ ডিসেম্বর ২০১৫
সিটিজিবার্তা২৪ডটকম
স্টাফ রিপোর্টার : ব্যর্থ ও জঙ্গিরাষ্ট্র হিসেবে পাকিস্তানের সঙ্গে সব ধরনের কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করার দাবি জানিয়েছে গণজাগরণ মঞ্চ। শুক্রবার বিকালে নগরীর চেরাগি পাহাড় মোড়ে পাকিস্তানের ধৃষ্টতাপূর্ণ আচরণের প্রতিবাদে আয়োজিত বিক্ষোভ মিছিল ও সমাবেশ থেকে এ দাবি জানানো হয়।
গণজাগরণ মঞ্চ চট্টগ্রামের সদস্যসচিব ডা. চন্দন দে ও সমন্বয়কারী শরীফ চৌহানের নেতৃত্বে মিছিলটি চেরাগি থেকে শুরু হয়ে মোমিন রোড, আন্দরকিল্লা, জামালখান সড়ক ঘুরে আবার চেরাগি চত্বরে এসে সমাবেশে মিলিত হয়।
‘পাকিস্তানি পণ্য বর্জন কর’, ‘পাকিস্তানের সাথে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন কর’, ‘পাকিস্তানি দূতাবাস বন্ধ কর’ ইত্যাদি দাবি সম্বলিত ফেস্টুন নিয়ে মিছিলে অংশ নেন গেরিলা বাহিনী মুক্তিযুদ্ধ সমন্বয় পরিষদের চট্টগ্রাম জেলা শাখার যুগ্ম আহ্বায়ক তপন দস্তিদার, প্রজন্ম একাত্তরের সাধারণ সম্পাদক সলিল চৌধুরী, উদীচীর সাধারণ সম্পাদক শীলা দাশগুপ্তা, মোহাম্মদ ইউনুস, দয়াল হরি দে, স্বপন ভট্টাচার্য, পঞ্চানন চৌধুরী, বসন্ত বড়ুয়া, অমিতাভ সেন প্রমুখ।
মিছিল থেকে ‘আমার মাটি আমার মা, পাকিস্তান হবে না’, ‘আমাদের ধমনিতে শহীদের রক্ত, এ রক্ত কোনো দিনও পরাজয় মানে না’, ‘পাকিস্তানি দূতাবাস বাংলাদেশে থাকবে না’, ‘পাকিস্তানি পণ্য বর্জন কর, করতে হবে’ ইত্যাদি স্লোগান দেওয়া হয়।
মিছিল শেষে সমাবেশে বক্তব্য দেন সংগঠক প্রকৌশলী দেলোয়ার মজুমদার, সুনীল ধর, রাশেদ হাসান, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের সভাপতি আল কাদেরী জয়, ছাত্র ইউনিয়নের সভাপতি শিমুল বৈষ্ণব প্রমুখ।
বক্তারা পাকিস্তানের সঙ্গে সব ধরনের কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করার এবং অবিলম্বের বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন কাদের (সাকা) চৌধুরী ও জামায়াতের সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মদ মুজাহিদের মতো শীর্ষ যুদ্ধাপরাধী মতিউর রহমান নিজামীর ফাঁসির রায় বিজয়ের মাস ডিসেম্বরে কার্যকরের দাবি জানান।




