রোববার, ১ জুলাই ২০১৮
নিজস্ব প্রতিবেদক, সিটিজিবার্তা২৪ডটকম
ঢাকা : শাহবাগে জড়ো হওয়া কোটা আন্দোলনকারীরা শাহবাগে জড়ো হতে পারেনি। জড়ো হওয়া আন্দোলনকারীদের ধরে ধরে থানায় নিয়ে গেছে বলে অভিযোগ উঠেছে ছাত্রলীগের বিরুদ্ধে। কোটা সংস্কার আন্দোলনের নেতাদের গ্রেপ্তারের প্রতিবাদে ও কোটা সংস্কারের প্রজ্ঞাপনের দাবিতে তারা শাহবাগে জড়ো হয়েছিলো।
আজ রোববার বিকেলে ৬ জনকে প্রকাশে মারধর করে থানায় নিয়ে যায় ছাত্রলীগ। শাহবাগে এখনো প্রায় শতাধিক ছাত্রলীগের নেতাকর্মীরা অবস্থান করছে। কোটা সংস্কার আন্দোলনকারী হিসেবে কাউকেই সন্দেহ হলে তাকে মারধর করতে করতে থানার ভিতরে নিয়ে যাওয়া হচ্ছে।
বিষয়টি নিশ্চিত করেছেন শাহবাগ থানায় উপরিদর্শক (এস অাই) মো.সুজন মিয়া। তিনি বলেন, কয়েকজনকে থানায় অানা হয়েছে। তাদের বিষয়ে ওসি স্যার বিস্তারিত বলতে পারবেন।’
চাকরিতে কোটাপ্রথা বাতিল করে সরকারি ঘোষণা বাস্তবায়ন না করায় শনিবার বেলা ১১টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরির সামনে সংবাদ সম্মেলন ডাকে বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ।
সংবাদ সম্মেলন শুরুর ঠিক আগমুহূর্তে কোটা আন্দোলনকারীদের ওপর হামলা চালায় ছাত্রলীগের নেতাকর্মীরা। এতে পরিষদের যুগ্ম আহ্বায়ক নূরুল হক নূরসহ অনেক শিক্ষার্থী আহত হন।
কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে নূরকে মারধরের সময় তাকে রক্ষা করতে এগিয়ে যান ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ড. জাভেদ আহমেদ। এ সময় হামলাকারীরা তার ওপর চড়াও হয়। এতে তার হাতের একটি আঙুল কেটে যায়।
পরে নূরকে ঢাকা মেডিকেলে নিয়ে যাওয়া হয়। সেখানে ভর্তি হতে না পেরে পরে ল্যাবএইড হাসপাতালে নেয়া হয় তাকে। সেখানেই বর্তমানে চিকিৎসাধীন আছেন নূরুল হক নূর।
এদিকে সংস্কার আন্দোলনকারীদের ওপর হামলার প্রতিবাদে রোববার থেকে সারা দেশের সব বিশ্ববিদ্যালয়-কলেজে অনির্দিষ্টকালের জন্য ক্লাস ও পরীক্ষা বর্জন এবং অবরোধ কর্মসূচি চলছে।





