BREAKING NEWS
Search

আমিই গাফফার, জেএমবির নেতা

শনিবার,০৫ ডিসেম্বর ২০১৫

সিটিজিবার্তা ২৪ ডটকম

atkডেস্ক সংবাদ :আপনাদের অনুমান সঠিক, আমিই গাফফার। আপনারা আমাকেই খুজঁছেন।

রাজধানীর গোপীবাগে সিক্স মার্ডার ও বাড্ডায় পিডিবির সাবেক চেয়ারম্যান পীর খিজির খান হত্যার ঘটনায় জড়িত জেএমবি নেতা আব্দুল গাফফার পুলিশেনর কাছে এভাবেই নিজের পরিচয় দেন।

আব্দুল গাফফারকে পাঁচ দিনের রিমান্ডে নিয়েছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। শুক্রবার মহানগর বিশেষ আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড চাইলে আদালত ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

গোয়েন্দা পুলিশের উপ-পুলিশ কমিশনার (পূর্ব) মাহবুব আলম জানান, বৃহস্পতিবার বেলা আড়াইটার দিকে ডিবি পুলিশ জেএমবি নেতা আব্দুল গাফফারকে বই কেনার কথা বলে যাত্রাবাড়ীর শহীদ ফারুক রোডের একটি লাইব্রেরিতে ডেকে এনে গ্রেপ্তার করে। প্রথমে তিনি নিজের পরিচয় অস্বীকার করে বলেন, সে নেহায়েতই বই কেনার জন্য ওই লাইব্রেরিতে এসেছে। কিন্তু ডিবি পুলিশের দৃঢ়তায় পরক্ষণেই তিনি ডিবি টিমকে বলেন, আপনাদের অনুমান সঠিক, আমিই গাফফার, জেএমবির নেতা। আপনারা আমাকেই খুজঁছেন।

মুহূর্তের মধ্যে ডিবি পুলিশের ওয়াকিটকিতে তার গ্রেপ্তারের খবর ঊর্ধ্বতন কর্মকর্তদের জানিয়ে দেয়া হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গাফফার সিক্স মার্ডার ও বাড্ডায় পীর খিজির হত্যায় জড়িত থাকার কথা স্বীকার করেছে বলে জানিয়েছে পুলিশ।

গত সপ্তাহে এ মামলায় গ্রেপ্তার অপর জেএমবি নেতা তরিকুল আদালতে ইতোমধ্যেই ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছেন। তরিকুলের স্বীকারোক্তিতেই ডিবি পুলিশ এ দুটি হত্যাকাণ্ডের খুনিদের একটি প্রাথমিক তালিকা পায়। গোয়েন্দা পুলিশ দাবি করেছে, নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জেএমবির জঙ্গিরা এ দুটি পৃথক হত্যাকাণ্ডে জড়িত।

মাহবুব আলম জানান, গ্রেফতারকৃত এ জেএমবি নেতার গ্রামের বাড়ি টাঙ্গাইলে। তার গ্রামের বাড়িতে ডিবি ও স্থানীয় পুলিশ একাধিকবার অভিযান চালালেও বিগত দিনে তার সন্ধান পাওয়া যায়নি। পরে একাধিক সোর্সের মাধ্যমে ডিবি পুলিশ জানতে পারে, যাত্রাবাড়ীর শহীদ ফারুক রোডে একটি লাইব্রেরিতে তিনি নিয়মিত ইসলামিক বই কিনতে আসেন।

ডিবি পুলিশ তাকে ধরার জন্য গত কয়েকদিন ঐ লাইব্রেরিতে ওৎ পেতে থাকে এবং অবশেষে আজ গ্রেপ্তারে সফল হয়।
অন্যদিকে, ঢাকা মহানগর পুলিশের উপ-কমিশনার (গণমাধ্যম ও জনসংযোগ) মুনতাসিরুল ইসলাম জানান, আদালতে তরিকুল ১৬৪ ধারায় যা বলেছে তার বাইরেও ডিবির কাছে আরো তথ্য রয়েছে; যা এই মুহূর্তে তদন্তের স্বার্থে বলা যাচ্ছে না। ডিবি পুলিশের একাধিক অভিযান অব্যাহত রয়েছে বলেও তিনি জানান।

জেএমবির নেতা আলবানী ওরফে মাহফুজের নেতৃত্বে ৭-৮ জন জঙ্গি ওই সিক্স মার্ডারে অংশ নেয়। একই গ্রুপ বাড্ডায় সাবেক পিডিবি চেয়ারম্যান পীর খিজিরকেও হত্যা করেছে বলে জানিয়েছে ডিবি। পুরান ঢাকার হোসেনি দালানে গ্রেনেড হামলার ঘটনায় গ্রেপ্তার জেএমবি কমান্ডার আলবানী কয়েকদিন আগে গাবতলীতে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নিহত হন।

২০১৩ সালে গোপীবাগে কথিত পীর লুৎফর রহমানসহ ছয়জনকে চাপাতি দিয়ে কুপিয়ে হত্যা করা হয়। এ হত্যাকাণ্ডের মামলাটি বর্তমানে ডিবি পুলিশ তদন্ত করছে। এ মামলায় উগ্র জঙ্গি সংগঠন জেএমবির চার সদস্য গ্রেপ্তার রয়েছেন। পুলিশ এখন অনেক আশাবাদী এ হত্যা মামলা দুটি রহস্য উদঘাটনের ব্যাপারে। গত দু বছরেও চাঞ্চল্যকর এ দুটি হত্যা মামলা রহস্য উদঘাটন না হওয়ায় তদন্তকারী সংস্থা এবং সরকার বেশ সমালোচনার মুখে পড়েছিল।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


CAPTCHA Image
Reload Image