বৃহস্পতিবার, ৩১ ডিসেম্বর ২০১৫
সিটিজিবার্তা২৪ডটকম
ডেস্ক সংবাদ : শরীয়তপুরের নড়িয়া পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগের বিদ্রোহী মেয়রপ্রার্থী শহিদুল ইসলামকে ভোট দিতে ভোটারদের প্রভাবিত করার ও হুমকি দেয়ার অভিযোগ পাওয়া গেছে।
উপজেলা চেয়ারম্যান ও পুলিশের মহাপরিদর্শকের (আইজিপি) ভাই একেএম ইসমাইল হক বুধবার সকাল থেকেই বিভিন্ন ভোটকেন্দ্রে গিয়ে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থীর পক্ষে ভোট দিতে ভোটারদের হুমকি দেন বলে অভিযোগ উঠেছে। তিনি পৌর এলাকার বাসিন্দা নন। এরপরও ভোটারদের প্রভাবিত করায় নড়িয়া বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রের জ্যেষ্ঠ নির্বাহী হাকিম শহিদুল ইসলাম জানতে চান, তিনি এখানে কেন এসেছেন? এ সময় তিনি নিজেকে উপজেলা চেয়ারম্যান পরিচয় দিলে ম্যাজিস্ট্রেট তাকে ওই মুহূর্তে কেন্দ্র থেকে বের হয়ে যেতে বলেন।
বিভিন্ন কেন্দ্রে ঘোরার বিষয়ে জানতে চাইলে উপজেলা চেয়ারম্যান একে এম ইসমাইল হক পাল্টা প্রশ্ন করেন, ‘আপনারা কারা?’ সাংবাদিকরা নিজেদের পরিচয় দিলে তিনি বলেন, ‘আমিও তো সাংবাদিক’।
আওয়ামী লীগের প্রার্থী হায়দার আলীর অভিযোগ, উপজেলা চেয়ারম্যান ইসমাইল হক রাত থেকে বিভিন্ন কেন্দ্রে গিয়ে আওয়ামী লীগের এজেন্টদের ভয় দেখান। প্রিজাইডিং কর্মকর্তাদের ঘুষ দিয়ে কেনার চেষ্টা করেন।
সরেজমিন নড়িয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের কেন্দ্রে ঢুকে দেখা গেছে, আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী শহিদুল ইসলামের লোকজন ভোটারদের কাছ থেকে ব্যালট পেপার নিয়ে নিজেরাই নারিকেল গাছ প্রতীকে ভোট দেন।
নজরুল খলিফা নামে একজন ভোটার অভিযোগ করেন, ‘ব্যালট পেপার নিয়ে তারা নিজেরাই সিল মেরে দিচ্ছে। আমি আমার ভোট দিতে পারি নাই।’
আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী শহিদুল ইসলাম বিভিন্ন ভোটকেন্দ্রে ঢুকে নিজের পক্ষে ভোট দেয়ার জন্য ভোটারদের বলেছেন। বাঘেরবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়লয় কেন্দ্রে গিয়ে দেখা যায়, আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী শহিদুল ইসলাম ভোটারদের সারিতে দাঁড়িয়ে তার পক্ষে ভোট দিতে বলছেন তিনি |




