Tuesday,11 December 2018
ctgbarta24.com
নগরীতে সাজাপ্রাপ্ত পলাতক আসামি ধরতে গিয়ে তার কিরিচের কোপে গুরুতর আহত কোতোয়ালি থানার পুলিশ কনেস্টেবল রাসেলের পাশে দাঁড়িয়েছেন সিএমপি কমিশনার।
আক্রান্ত হবার পরও সাহসিকতার সাথে আসামিকে গ্রেপ্তার করায় নগদ ৫০ হাজার টাকার অর্থ পুরস্কারও দেন তিনি। সেই সঙ্গে আহত পুলিশ সদস্যদের যাবতীয় চিকিৎসা ব্যয় বহনের কথা জানান।
মঙ্গলবার দুপুরে সিএমপির অতিরিক্ত কমিশনার (ক্রাইম এন্ড অপারেশন) আমেনা বেগম চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে সহকর্মীদের দেখতে গিয়ে এসব জানান।
বিষয়টি নিশ্চিত করে কোতোয়ালী থানার ওসি মোহাম্মদ মহসীন সিনিউজকে বলেন, ‘রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ কাজে কমিশনার স্যার ব্যস্ত থাকায় আসতে না পারলেও অতিরিক্ত কমিশনার স্যারের মাধ্যমে সাহসী অভিযানের জন্য ৫০ হাজার টাকা অর্থ পুরষ্কার দিয়েছেন কমিশনার স্যার। চিকিৎসার ব্যয়ভারও গ্রহণ করেছেন তিনি। পাশাপাশি চিকিৎসকের সাথে সার্বক্ষণিক যোগাযোগ করে সুচিকিৎসার ব্যবস্থাও করেছেন তিনি।’
প্রসঙ্গত, মঙ্গলবার (১১ডিসেম্বর) ভোর সাড়ে ৫ টার দিকে নগরের কোতয়ালী থানাধীন আসাদগঞ্জ এলাকায় ছিনতাই, ডাকাতিসহ বেশ কয়েকটি মামলার আসামি আজাদকে গ্রেপ্তার করতে গেলে সে পুলিশের ওপর কিরিচ দিয়ে হামলা করে। এতে কোতোয়ালী থানার সহকারি উপ-পরিদর্শক (এএসআই) আবু হায়াত আরফিন, পুলিশ কনস্টেবল মো. রাসেল মিয়া এবং এক স্থানীয় কপিল উদ্দিন নামে একজন আহত হয়।
এরমধ্যে কনেস্টেবল রাসেলকে কিরিচ দিয়ে কোপ দেয়ায় তিনি মাথায় গুরুতর জখম হন। এসময় পুলিশও অাত্মরক্ষার্থে গুলি চালালে আসামি আজাদ গুলিবিদ্ধ হয়। তাকে পুলিশি হেফাজতে নিয়ে চিকিৎসা দেওয়া হচ্ছে।
সাজাপ্রাপ্ত পলাতক আসামি আজাদের বিরুদ্ধে থানায় ছিনতাই ছুরি ডাকাতিসহ সাতটি মামলা রয়েছে বলে জানিয়েছেন ওসি মহসীন।
চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের পুলিশ ফাড়ির এএসআই আলাউদ্দিন তালুকদার বলেন, আহত পুলিশ সদস্যরা হাসপাতালের ২৮ ও আসামি ২৬ নম্বর ওয়াডে চিকিৎসাধীন রয়েছেন।




