Tuesday,24 April 2018
ctgbarta24.com
একুশে পদকপ্রাপ্ত কবি বেলাল চৌধুরী আর নেই (ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)। মঙ্গলবার বেলা ১২টার দিকে রাজধানীর ধানমণ্ডির আনোয়ার খান মডার্ন হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। এই হাসপাতালেই দীর্ঘদিন ধরে চিকিৎসাধীন ছিলেন তিনি। ভুগছিলেন কিডনি, ডায়বেটিসসহ বার্ধক্যজনিত নানা রোগে।
কবি বেলাল চৌধুরীর বড় ছেলে আবদুল্লাহ প্রতীক চৌধুরী গণমাধ্যমকে তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, দীর্ঘ চার মাস ধরে বেলাল চৌধুরী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। গত বৃহস্পতিবার রাতে তার শারীরিক অবস্থার অবনতি হলে তাকে হাসপাতালের নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে (আইসিইউ) নেয়া হয়। গত শুক্রবার অবস্থার আরও অবনতি হলে বেলা সাড়ে ১২টার দিকে তাকে লাইফ সাপোর্টে নেয়া হয়।
১৯৩৮ সালের ১২ নভেম্বর ফেনী উপজেলার শর্শদি গ্রামে জন্মগ্রহণ করেন কবি বেলাল চৌধুরী। তার পিতা রফিকউদ্দিন আহমাদ চৌধুরী ও মা মুনীর আখতার খাতুন চৌধুরানী। বেলাল চৌধুরী বিংশ শতাব্দীর দ্বিতীয়ার্ধে একজন আধুনিক বাঙালি কবি হিসেবে আবির্ভূত হন। তিনি সাংবাদিক, প্রাবন্ধিক, অনুবাদক এবং সম্পাদক হিসেবেও খ্যাতিমান।
তার প্রকাশিত কাব্যগ্রন্থের মধ্যে ‘নিষাদ প্রদেশে’, ‘আত্মপ্রতিকৃতি’, ‘স্থিরজীবন ও নিসর্গ’, ‘স্বপ্নবন্দী’, ‘সেলাই করা ছায়া’, ‘কবিতার কমলবনে’, ‘যাবজ্জীবন সশ্রম উল্লাসে’ ও ‘বত্রিশ নম্বর’ উল্লেখযোগ্য।
সাহিত্যক্ষেত্রে অবদানের জন্য তিনি ২০১৪ সালে একুশে পদক পান। এ ছাড়াও বাংলা একাডেমি সাহিত্য পুরস্কারও পেয়েছেন কবি বেলাল চৌধুরী। তিনি দীর্ঘদিন ঢাকাস্থ ভারতীয় দূতাবাস প্রকাশিত ‘ভারত বিচিত্রা’ পত্রিকার সম্পাদকের দায়িত্ব পালন করেছেন।





