শুক্রবার,০৪ ডিসেম্বর ২০১৫
সিটিজিবার্তা২৪ডটকম
চট্টগ্রাম সংবাদ :শিক্ষকদের প্ররোচনায় চট্টগ্রাম কলেজে সাধারণ শিক্ষার্থীদের ওপর শিবির ক্যাডারদের চাঁদাবাজি ও মারধরের প্রতিবাদ জানিয়েছে মহানগর ছাত্রলীগ।
শুক্রবার সংবাদমাধ্যমে বিবৃতি পাঠিয়ে নগর ছাত্রলীগের সভাপতি ইমরান আহমেদ ইমু ও সাধারণ সম্পাদক নুরুল আজিম রনি এ প্রতিবাদ জানান।
তারা বলেন, ২৯ বছর ধরে জামায়াত-শিবির চট্টগ্রাম কলেজের সাধারণ শিক্ষার্থীদের জিম্মি করে কলেজটি জঙ্গিবাদের অভয়াশ্রম বানিয়ে রেখেছে। মঙ্গলবার (১ ডিসেম্বর) থেকে কলেজের সম্মান তৃতীয় বর্ষের শিক্ষার্থীদের কাছ থেকে ইনকোর্স পরীক্ষার ফি বলে ১০০ টাকা চাঁদা দাবি করে আসছিল কিছু জামায়াতপন্থী শিক্ষক। সামাজিক বিজ্ঞান তৃতীয় বর্ষের শিক্ষার্থীরা অবৈধ ফি দিতে অস্বীকৃতি জানালে শিক্ষকরা তাদের ওপর শারীরিক এবং মানসিক আঘাত শুরু করে বলে আমরা অবগত হয়েছি।
এরপর বর্ধিত ফি-বিরোধী আন্দোলনে নেতৃত্ব দেওয়া এক ছাত্রের মোবাইল ফোন জব্দ করে এবং বৃহস্পতিবার শিবির ক্যাডাররা সাধারণ ছাত্রদের নেতৃত্বে থাকা সুলতান মাহমুদ রিয়াজকে মিনি ক্যান্টনমেন্ট খ্যাত চট্টগ্রাম কলেজ ছাত্রাবাসে নিয়ে মারধর করে বলে আমরা জেনেছি।
বিবৃতিতে বলা হয়, কলেজের শিক্ষকদের প্ররোচনায় শিবির ক্যাডাররা সাধারণ ছাত্রদের জিম্মি করে তাদের চাঁদাবাজি চালিয়ে যাচ্ছে। অবৈধ ফি না দেওয়ার
কারণে সাধারণ ছাত্রদের ছাড়পত্র দিয়ে বের করে দেওয়ার হুমকি এবং শিক্ষার্থীদের মোবাইল ফোন জব্দ করে রাখা শিক্ষকদের জামায়াত শিবিরের এজেন্ডা বাস্তবায়ন ছাড়া আর কিছু নয় বলে আমরা মনে করছি।
এ ইস্যুতে শিবির ক্যাডাররা সাধারণ ছাত্রদের মারধর ও ক্যাম্পাস না আসার হুমকি থেকে প্রমাণিত হয় চট্টগ্রাম কলেজে কিছু জামায়াত সমর্থিত শিক্ষক এবং শিবির ক্যাডাররা কলেজটা জিম্মি করে রেখেছে। আমরা চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের পক্ষ থেকে এই ঘটনার তীব্র প্রতিবাদ জানাচ্ছি এবং চট্টগ্রাম কলেজের সাধারণ শিক্ষার্থীদের এ জিম্মিদশা থেকে মুক্তি দিতে প্রশাসনের প্রতি আহ্বান জানাচ্ছি।
অনতিবিলম্বে সব শিবির ক্যাডারকে গ্রেফতার করে আইনের আওতায় আনার দাবিও জানান নগর ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক।




