এই মাত্র:

নগরীতে মেয়াদোত্তীর্ণ প্রসাধন সামগ্রী ব্যবহারের দায়ে তিন পার্লারকে জরিমানা

Tuesday,24 Oct 2017

Ctgbarta24.com

চট্রগ্রাম : নগরীতে মেয়াদোত্তীর্ণ প্রসাধন সামগ্রী ব্যবহারের দায়ে তিনটি সুপরিচিত পার্লারকে ৯০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

আজ মঙ্গলবার (২৪ অক্টোবর) অধিদপ্তরের বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক বিকাশ চন্দ্র দাস ওআর নিজাম সড়কের ম্যানস বিউটি পার্লার ‘হাবিব তাজকিরা’কে জরিমানা করেন।

অপর সহকারী পরিচালক নাসরিন আক্তার প্রবর্তকের সুবর্ণা আবাসিক এলাকার ‘মেক আপ আর্ট বাই রাজু’ ও ‘টাচ অ্যান্ড গ্লো’ বিউটি পার্লারকে জরিমানা করেন।

বিকাশ চন্দ্র দাস বলেন, মেয়াদোত্তীর্ণ প্রসাধনে নারী ও পুরুষকে রূপবান, রূপবতী করা হচ্ছে কিছু পার্লারে। এ ধরনের অভিযোগের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়েছে। এ সব মেয়াদোত্তীর্ণ প্রসাধনের কারণে গ্রাহকদের ত্বক, চুল ক্ষতিগ্রস্ত হচ্ছে। জটিল চর্মরোগ দেখা দেওয়ার আশঙ্কা রয়েছে। আমরা যেসব মেয়াদোত্তীর্ণ প্রসাধন পেয়েছি সব ধ্বংস করেছি। প্রতিষ্ঠানগুলোকে এ ব্যাপারে সতর্ক করেছি।

তিনি চকবাজারের পপুলার ড্রাগ হাউসকে মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির দায়ে ১০ হাজার টাকা, অপরিচ্ছন্নতার জন্য ফয়েজ বেকারিকে ২০ হাজার টাকা জরিমানা করেন।

অধিদপ্তরের জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মুহাম্মদ হাসানুজ্জামান আনোয়ারা উপজেলাধীন বটতলী বাজারের নিউ কস্তুরি হোটেলকে হাইড্রোজ ও রং ব্যবহার করে জিলিপি তৈরি করায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৪২ ধারায় ১০ হাজার টাকা জরিমানা এবং ৫ কেজি জিলিপি ধ্বংস করেন।

তিনি মদিনা হোটেল অ্যান্ড বিরিয়ানি হাউসকে একই অপরাধে ১০ হাজার টাকা, অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য প্রক্রিয়াজাতের জন্য ৫ হাজার টাকা জরিমানা এবং আনুমানিক ৪০ কেজি বাসি মিষ্টি ফেলে দেন।

আপনার মতামত দিন....

এ বিষয়ের অন্যান্য খবর:


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।


CAPTCHA Image
Reload Image