ফিরিঙ্গিবাজারে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষ, আহত ২০

নিউজ ডেস্ক, সিটিজিবার্তা২৪ডটকম

মঙ্গলবার, ২৫ অক্টোবর ২০১৬

ফিরিঙ্গিবাজারে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দু'পক্ষের সংঘর্ষ, আহত ২০

চট্টগ্রাম: নগরীর কোতোয়ালি থানার ফিরিঙ্গিবাজার শাহজীপাড়ায় (জাইল্লাপাড়া) আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে অন্তত ২০ জন আহত হয়েছেন।

আজ মঙ্গলবার (২৫ অক্টোবর) রাত ৯টার দিকে এ সংঘর্ষ শুরু হয়।

সংঘর্ষের সংবাদ পাওয়ামাত্র নগর পুলিশের এডিসি (দক্ষিণ) শাহ মো. আবদুর রউফের নেতৃত্ব দুই প্লাটুন পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

শাহজীপাড়ার বাসিন্দা লিটন দাশ জানান, ‘এ পাড়ায় অর্ধশতাধিক জেলে পরিবারের কয়েকশ লোক বাস করেন। শাহজীপাড়া সমাজ উন্নয়ন কমিটি এ পাড়ার নেতৃত্ব দিয়ে আসছে। আগে কমিটির নেতৃত্বে ছিলেন বিমল সর্দার।’

লিটন দাশ বলেন, ‘২০১২ সালে বিমল সর্দারকে উৎখাত করে মিঠু সর্দার কমিটির দায়িত্বভার গ্রহণ করে। বিষয়টি সবাই মেনে নেয়নি। এর জের ধরে দ্বন্দ্ব লেগেই ছিল। ছিল মাদকের ছোবলও।’

তিনি জানান, ‘বিমল সর্দারের অনুসারী কিছু লোক পাড়ায় আসার পথে মিঠু সর্দারের লোকজন অতর্কিত হামলা চালায়। এরপর উভয় পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে।’

ঘটনাস্থলে উপস্থিত এডিসি (দক্ষিণ) শাহ মো. আবদুর রউফ বলেন, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এ পাড়ায় প্রায়ই সংঘর্ষের ঘটনা ঘটে। আজকের ধাওয়া-পাল্টা ধাওয়ায় অন্তত ২০ জন আহত হয়েছে। বর্তমানে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে।

স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর হাসান মুরাদ বিপ্লব জানান, পাড়ার নেতৃত্ব নিয়ে বার বার দুপক্ষের মধ্যে ঝগড়া-বিবাদ হয়ে আসছে। গতকাল রাতেও উত্তেজনা দেখা দিয়েছিল।

তিনি বলেন, আজ পরিস্থিতি শান্ত হওয়ার পর উভয় পক্ষকে নিয়ে আলোচনার মাধ্যমে স্থায়ী সমাধানের উদ্যোগ নেওয়া হবে।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *