মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০১৫
খেলা ডেস্ক
সিটিজিবার্তা২৪ডটকম : বাংলাদেশের ফুটবলে শুরু হতে যাচ্ছে ফ্র্যাঞ্চাইজি যুগ। আগামী বছর আগস্টে ভারতের ‘ইন্ডিয়ান সুপার লিগের’ (আইএসএল) আদলে বাংলাদেশে মাঠে গড়াতে যাচ্ছে ফ্র্যাঞ্চাইজি-ভিত্তিক ফুটবল লিগের আসর।
মঙ্গলবার সকালে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি কাজী সালাউদ্দিনের গুলশানের বাসায় ফ্র্যাঞ্চাইজি ফুটবল লিগ নিয়ে অনুষ্ঠিত এক বৈঠকে এ ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠক সূত্র জানিয়েছে দেশব্যাপী ফুটবলকে ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে ফ্র্যাঞ্চাইজি ফুটবল লিগের খেলাগুলো অনুষ্ঠিত হবে দেশের বিভিন্ন বিভাগীয় শহরে।
ইউকে সকার লিগ নামের একটি ব্রিটেন-ভিত্তিক প্রতিষ্ঠান বেশ কিছু দিন আগেই বাফুফেকে এ ব্যাপারে প্রস্তাব দিয়েছিল। আগামী বছর অনুষ্ঠেয় এই ফ্র্যাঞ্চাইজি লিগের আয়োজনে বাফুফের সঙ্গে এই ইউকে সকাল লিগ তো থাকছেই, সঙ্গে থাকছে ভারতের সেলিব্রেটি ম্যানেজমেন্ট গ্রুপ (সিএমজি) ও বাংলাদেশের ব্যবসায়িক গোষ্ঠী সাইফ পাওয়ারটেক।
দেশের বিভিন্ন বিভাগের ফ্র্যাঞ্চাইজি নিয়েই এই ফুটবল লিগটি আয়োজিত হবে। এ ব্যাপারে বিস্তারিত জানাবেন বাফুফে সভাপতি নিজেই।




