ব্রেকিং নিউজ:
Search

বিএনপির সিনিয়র সহ-সভাপতি অধ্যাপক শেখ মোহাম্মদ মহিউদ্দিনকে ডিবি পরিচয়ে তুলে নেয়ার অভিযোগ

Wednesday,24 May 2017

Ctgbarta24.com

চট্রগ্রাম : চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি অধ্যাপক শেখ মোহাম্মদ মহিউদ্দিনকে গোয়েন্দা পুলিশ (ডিবি) পরিচয়ে তুলে নেয়া হয়েছে।

মঙ্গলবার (২৩ মে) দিবাগত রাতে রাজধানীর আরামবাগ থেকে তাকে তুলে নিয়ে যাওয়া হয় বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে।

মহিউদ্দিনের স্ত্রী লাকি আক্তার জানান, মঙ্গলবার ঢাকা থেকে চট্টগ্রাম ফেরার জন্য আরামবাগের একটি বাস কাউন্টারে যান মহিউদ্দিন। সেখান থেকে রাত পৌনে ১২ টার দিকে সাদা পোশাকের ও পুলিশের পোশাকধারী ৭-৮ জন তাকে একটি মাইক্রোবাসে তুলে নিয়ে যায়। তারা নিজেদেরকে পুলিশের গোয়েন্দা বিভাগের সদস্য হিসেবে পরিচয় দেয়।

লাকি আক্তার বলেন, ‘রাত সাড়ে ১০টার দিকে আমার সাথে উনার সর্বশেষ ফোনে কথা হয়েছিল। তখন তিনি বলেছিলেন চট্টগ্রাম আসার জন্য বাসের টিকেট নিতে আরামবাগ বাস কাউন্টারে যাচ্ছেন। এরপর রাত পৌনে ১২টার দিকে এনাম নামে উনার সঙ্গে থাকা একজন বন্ধু (ব্যবসায়িক পার্টনার) তুলে নিয়ে যাওয়ার বিষয়টি মোবাইলে আমাদের জানান।’
এনামের বরাত দিয়ে লাকি আক্তার বলেন, ‘ডিবি পরিচয়ে ৭-৮ জন পুলিশ এসে তাকে (মহিউদ্দিন) জিজ্ঞেস করেন তিনি প্রফেসর মহিউদ্দিন কি না। উনি হ্যা বলার পর বলেন, আপনি আমাদের সাথে আসুন আমরা ডিবির টিম। এ কথা বলেই মাইক্রোবাসে তুলে নিয়ে যাওয়া হয়। এরপর থেকে উনাকে (মহিউদ্দিন) মোবাইল ফোনে পাওয়া যাচ্ছে না।’

এদিকে ঢাকায় অবস্থানরত দক্ষিণ জেলা বিএনপি নেতা মোহাম্মদ মহসিন জানান, দলীয় লোকজনকে মতিঝিল, পল্টন থানা এবং ডিবি অফিসে পাঠিয়ে খবর নেয়া হয়েছে। সেখানে কর্তব্যরত অফিসাররা শেখ মো. মহিউদ্দিনকে আটকের বিষয়টি নিশ্চিত করেননি। এ ব্যাপারে জানতে মতিঝিল এবং পল্টন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাদের (ওসি) মোবাইলে ফোন করা হলেও তারা ফোন রিসিভ করেননি।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


CAPTCHA Image
Reload Image