সোমবার, ৩০ নভেম্বর, ২০১৫
খেলা ডেস্ক, সিটিজিবার্তা২৪.কম
চট্টগ্রাম ঃ বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) তৃতীয় আসরের চট্টগ্রাম পর্ব শুরু হচ্ছে আজ ৩০ নভেম্বর সোমবার থেকে। জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে দুপুর ২টায় বরিশাল বুলস ও চিটাগং ভাইকিংসের ম্যাচ দিয়ে শুরু হবে চট্টগ্রাম পর্ব। দ্বিতীয় ম্যাচে সন্ধ্যা সাড়ে ৬টায় একই ভেন্যুতে মুখোমুখি হবে সিলেট সুপার স্টারস এবং কুমিল্লা ভিক্টোরিয়ান্স।
ঘরের মাঠে ম্যাচ খেলার আগে সুবিধাজনক অবস্থানে নেই চিটাগং ভাইকিংস। বিপিএলে ছয় দলের মধ্যে তাদের অবস্থান এখন পঞ্চম। ৪ ম্যাচে ১ জয়ের সাথে ৩ হারে তাদের পয়েন্ট মাত্র ২। ঢাকা পর্বে সুবিধা করতে না পারা দলটি এবার ঘরের মাঠ চট্টগ্রামে ঘুরে দাঁড়াতে চায়। আজকের বরিশাল বুলসের বিপক্ষে ম্যাচ জিতে ২ পয়েন্ট নিয়ে মাঠও ছাড়তে চায়।
ঘরের মাঠ আর দর্শক দুটোর সংমিশ্রণে জয় প্রত্যাশা নিশ্চয়ই চিটাগং দলপতি তামিম ইকবালের বাড়তি চাওয়া হবে না। তবে বাড়তি কিছু চাইছেনও না তামিম। বরিশালের বিপক্ষে মাঠে নামার আগে রবিবার ম্যাচপূর্ববর্তী সংবাদ সম্মেলনে দলের অবস্থান পরিস্কার করে বলেন, ‘প্রথমপর্ব খুব ভালো কাটেনি। ক্লোজ কিছু ম্যাচ আমরা হেরেছি। তবে যেটা চলে গেছে, সেটা অতীত। এখন আমাদের ঘরের মাঠ, নিজেদের দর্শক। একটু বাড়তি সুবিধা থাকবেই। এখানে চারটি ম্যাচ আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ। বিশেষ করে আগামীকালের (সোমবার) ৩০ নভেম্বর দুপুরে ম্যাচ। তাই জয় দিয়ে শুরু করতে পারলে ভালো হবে।’
চিটাগংয়ের চেয়ে কিছুটা হলেও সুবিধাজনক অবস্থানে রয়েছে বরিশাল বুলস। ঢাকায় অনুষ্ঠিত প্রথমপর্বে মাত্র ৩টি ম্যাচ খেলেছে মাহমুদউল্লাহ রিয়াদের দল। ৩ ম্যাচে ২ জয় আর ১ হারে তাদের পয়েন্ট ৪। পয়েন্ট টেবিলে দলটির অবস্থানও চারে।
প্রথমপর্বে ঢাকাতে এক ম্যাচ কম খেলায়, দলটি আগেভাগেই চট্টগ্রামে চলে আসে। অন্য দলগুলোর তুলনায় কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতে বাড়তি সুবিধাও পেয়েছে তারা। চতুর্থদিনের মতো রবিবারও অনুশীলনে ঘাম ঝরিয়েছে তারা।
এমএ আজিজ স্টেডিয়ামে চিটাগং ভাইকিংস এবং জহুর আহম্মদে অনুশীলন করেছে বরিশাল বুলস।
অনুশীলনের নামার আগে ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনও করে দলটি। সেখানে দলের পক্ষে কথা বলেন জিম্বাবুয়ের সাবেক অধিনায়ক ব্রেন্ডন টেলর। শুরুতে টেলর বলেন, ‘ব্যাটিং দুর্বলতার কারণে আমাদের জয় হাতছাড়া হয়েছে। এখন পেছনে তাকানোর সময় নেই। বিপিএলে আমাদের শুরুটা কিন্তু দারুণ হয়েছে। প্রথম দুই ম্যাচেই আমরা জিতেছি। আমি আশাবাদী সামনের ম্যাচগুলোতে আমরা ভালো করব।’
জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হবে সিলেট সুপার স্টারস ও কুমিল্লা ভিক্টোরিয়ান্স। এই উপলক্ষে দুই দলই রবিবার সকালে অনুশীলন করেছে। চট্টগ্রাম পর্ব শুরু হওয়ার আগে দুই মেরুতে অবস্থান করছে কুমিল্লা ও সিলেট।
চার ম্যাচের তিনটিতে টানা জিতে পয়েন্ট টেবিলের শীর্ষে আছে মাশরাফির দল কুমিল্লা। অন্যদিকে চার ম্যাচের সবকটিতে হেরে পয়েন্ট টেবিলের তলানীতে রয়েছে মুশফিকের দল সিলেট। দেয়ালে পিঠ ঠেকে যাওয়া সিলেটের ঘুরে দাঁড়ানো আবশ্যক। উজ্জীবিত কুমিল্লার বিপক্ষে তাই বড়সড় পরীক্ষাই দিতে হবে দলটিকে। যদিও সুনিল নারাইনক পাচ্ছে না কুমিল্লা। কেননা অবৈধ বোলিং অ্যাকশনের পরীক্ষায় উত্তীর্ণ হতে পারেননি সুনিল।
কুমিল্লার কোচ মোহাম্মদ সালাউদ্দিন আশাবাদী, আগের ম্যাচের মতো সামনের ম্যাচগুলোতে তার দল দুর্দান্ত খেলবে। তবে দলের প্রধান পারফর্মার মারলন স্যামুয়েলস চলে গেছেন গত শুক্রবার শেষ ম্যাচ খেলেই। যদিও এটা নিয়ে ভাবছেন না কোচ। তিনি বিশ্বাস করেন যারা রয়েছে, তারা ব্যাকআপ দিতে পারবেন।
এদিকে অনুশীলন শুরুর আগে কথা বলেছেন সিলেট সুপার স্টারসের পেসার রুবেল হোসেন। সোমবারে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বিপক্ষে ম্যাচের মাধ্যমে তিনি বিপিএল তৃতীয় আসরে ফিরছেন। তার মতে, একটি জয়ই সিলেটের চেহারা বদলে দিতে পারে। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘আমরা হেরে যাচ্ছি। আশা করি সামনের ম্যাচগুলোতে দারুণ কিছু হবে।’
টি-টোয়েন্টি মানেই চার-ছক্কার ধুন্ধুমার ব্যাটিং। বিপিএলের তৃতীয় আসরের শুরুটা ঠিক এ আবহ দিয়েই মাঠে গড়িয়েছিল। দিন যত গড়িয়েছে বিপিএলের রানের মিছিলে ভাটা পড়েছে। ঢাকায় প্রথম পর্বে তৃতীয় দিন থেকেই লো স্কোরিং ম্যাচের পসরা বসেছিল বিপিএলে। বিরতিহীন উইকেটে খেলার কারণে টি-টোয়েন্টির মতো জনপ্রিয় খেলাতেও উৎসাহ হারাচ্ছেন দর্শকরা। তবে চিটাগংয়ে উইকেটে ঢাকার চেয়ে রান ভালো হবে বলে বিশ্বাস চিটাগং দলপতির তামিম এবং কুমিল্লা ভিক্টোরিয়ান্সের কোচ সালাউদ্দিনের।
এমনকি চট্টগ্রাম ভেন্যুর কিউরেটর জাহিদ রেজা বাবুও আশাবাদী। তিনি বলেন, ‘আশা করি বড় রানের ম্যাচ হবে। উইকেট স্পোর্টিং। উইকেটে হালকা ঘাস আছে। আমি আশা করি ঢাকার মতো কম রানের ম্যাচ হবে না। তবে দলগুলোকে কুয়াশার সঙ্গে মানিয়ে নিয়েই খেলতে হবে। কুয়াশা অনেক আগেই পড়তে শুরু করে এখানে।’
সিটিজিবার্তা২৪.কম/ জেএ/এমকে









