Thursday,02 Nov 2017
Ctgbarta24.com
বিশ্বের ১০০ জন ক্ষমতাশালী নারীর তালিকায় ৩০তম অবস্থানে আছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শুধু তাই নয়, বিখ্যাত ফোর্বস ম্যাগাজিনের করা ‘বিশ্বের ২২ জন ক্ষমতাশালী নারী রাজনীতিকের’ তালিকায় তিনি আছেন নবম অবস্থানে।
মিয়ানমার থেকে প্রাণভয়ে পালিয়ে আসা রোহিঙ্গা নাগরিকদের পাশে দাঁড়ানো ও বাংলাদেশে তাঁদের আশ্রয় দেওয়াসহ বিভিন্ন রাজনৈতিক সাফল্যের জন্য শেখ হাসিনা অর্জন করেছেন এই অবস্থান।
গতকাল বুধবার এ তালিকা প্রকাশ করে ফোর্বস ম্যাগাজিন।
এর আগে গত বছর এ তালিকার ৩৬ নম্বরে ছিলেন প্রধানমন্ত্রী। শেখ হাসিনার অবস্থানের উন্নতি হলেও এবার অবনমন ঘটেছে মিয়ানমারের নেত্রী সু চির।
ফোর্বসের ওয়েবসাইটে শেখ হাসিনার পরিচিতি দিতে গিয়ে বলা হয়েছে, মিয়ানমারের অং সান সু চির বিপরীতে, ‘দ্য লেডি অব ঢাকা’ রোহিঙ্গা মুসলিম শরণার্থীদের সাহায্যের প্রতিশ্রুতি দিয়েছেন। বাংলাদেশের দুই হাজার একর ভূমিতে তাঁদের থাকার ব্যবস্থা করেছেন। ১৯৭১ সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় চলা গণহত্যার কথা স্মরণ করে শেখ হাসিনা গর্বিতভাবেই এই বিপুল সংখ্যক শরণার্থীর চাপ নিতে রাজি হয়েছেন। বাংলাদেশে অবস্থানরত রোহিঙ্গা নাগরিকদের শনাক্তকরণ কার্ড ও শিশুদের জন্য বিশেষ ব্যবস্থাও নেওয়া হয়েছে।
ফোর্বসের এই তালিকার শীর্ষে আছেন জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মেরকেল। গত বছরও তিনি এ অবস্থানেই ছিলেন।
দ্বিতীয় অবস্থানে আছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী টেরিজা মে এবং তৃতীয় অবস্থানে আছেন বিল-মেলিন্ডা ফাউন্ডেশনের কো-চেয়ার মেলিন্ডা গেটস।
এদিকে ডোনাল্ড ট্রাম্পের কাছে পরাজয়ের পর গত বছর দ্বিতীয় অবস্থানে থাকা হিলারি ক্লিনটন নেমে এসেছেন ৬৩ নম্বরে। আর ট্রাম্পের স্ত্রী মার্কিন ফার্স্ট লেডি ইভাঙ্কা ট্রাম্প আছেন ১৯ নম্বরে।









