Monday,30 Oct 2017
Ctgbarta24.com
চট্টগ্রামে নৌবাহিনীর ঈশা খাঁ ঘাঁটির সুরক্ষিত এলাকার দুটি মসজিদে বোমা হামলা মামলার অভিযোগপত্রভুক্ত আসামি বাবলুর রহমান গ্রেপ্তার হয়েছেন।
আজ সোমবার সকালে ঝিনাইদহ শহরের আরাবপুর এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করে র্যাব। বাবলুর রহমান সাতক্ষীরার তালা উপজেলার বারইখালী গ্রামের আবদুল গফফারের ছেলে।
কোম্পানি কমান্ডার মেজর মনির আহমেদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব জানতে পারে, বোমা হামলা মামলার আসামি বাবলুর রহমান ঝিনাইদহে অবস্থান করছেন। আজ সকালে জানা যায়, ওই আসামি আরাবপুর এলাকায় অবস্থান করছেন। তখনই তাঁরা ওই এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করেন। গ্রেপ্তার করা বাবলুর রহমান নব্য জেএমবি সরওয়ার-তামিম গ্রুপের সদস্য বলে জানা গেছে।
র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) ৬–এর ঝিনাইদহ কোম্পানি কমান্ডার মেজর মনির আহমেদ জানান, ২০১৫ সালের ১৮ ডিসেম্বর চট্টগ্রামে নৌবাহিনীর ঈশা খাঁ ঘাঁটির দুটি মসজিদে বোমা হামলার ঘটনা ঘটে। এতে নৌবাহিনীর কর্মকর্তাসহ ২৪ জন আহত হন। এ ঘটনায় নৌবাহিনীর এক সদস্য বাদী হয়ে ইপিজেড থানায় সন্ত্রাসবিরোধী ও বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে পাঁচজনকে আসামি করে মামলা করেন। মামলায় দীর্ঘ তদন্ত শেষে তদন্ত কর্মকর্তা উসমান গণি আদালতে অভিযোগপত্র দাখিল করেন। যেখানে আবদুল মান্নান, রমজান আলী, আবদুল গাফফার, বাবলুর রহমান ও সাখাওয়াত হোসেনকে অভিযুক্ত করা হয়। এঁদের মধ্যে বাবলুর রহমান ও সাখাওয়াত হোসেন অনেক দিন ধরে পলাতক। অন্যরা কারাগারে।









