সেন্টমার্টিন সমুদ্র সৈকত থেকে বালু উত্তোলনের অভিযোগে প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে মামলা

সোমবার,১৭ এপ্রিল ২০১৭

সিটিজিবার্তা২৪ডটকম

টেকনাফ : টেকনাফের সেন্টমার্টিনের সমুদ্রে সৈকত থেকে প্রকাশ্যে বালু উত্তোলনের অভিযোগে ইউপি সদস্য ও প্যানেল চেয়ারম্যান আব্দুর রহমানসহ ছয় জনের বিরুদ্ধে মামলা করেছে পরিবেশ অধিদপ্তর।

আবদুর রহমান সেন্টমার্টিন পশ্চিম পাড়া মৃত আলী হোসনের পুত্র।

গত শনিবার রাতে টেকনাফ মডেল থানায় পরিবেশ অধিদপ্তর কক্সবাজার কার্যালয়ের সহকারী পরিচালক সরদার শরীফুল ইসলাম বাদী হয়ে সৈকতে ভালু উত্তোলনের অপরাধে মামলাটি করেন।

গত ২৪ মার্চ ‘সেন্টমার্টিন সৈকতে বালু উত্তোলন’ শিরোনামে সমকাল পত্রিকায় একটি প্রতিবেদন প্রকাশ পায়।

পরিবেশ অধিদপ্তর কক্সবাজার কার্যালয়ের সহকারী পরিচালক সরদার শরীফুল ইসলাম সমকালকে বলেন, বেশ কয়েকদিন আগে সেন্টমার্টিন দ্বীপের ১নং ওয়ার্ডের ইউপি সদস্য ও প্যানেল চেয়ারম্যান আবদুর রহমানের নেতৃত্বে দ্বীপের পূর্ব পাশে সমুদ্রসৈকত থেকে বালু উত্তোলন করে ১০ শ্রমিক। এসময় বিচকর্মীরা বাধা দিলে তাদের ওপর শ্রমিকরা চড়াও হন।

প্যানেল চেয়ারম্যান আব্দুর রহমান বলেন, আমি একজন জনপ্রতিনিধি। সরকারের নির্দেশ অমান্য করে সৈকত থেকে বালু উত্তোলনের প্রশ্নই আসে না। এটি আমার বিরুদ্ধে সড়যন্ত্র।

টেকনাফ মডেল থানার (ওসি) মাঈন উদ্দিন খান বলেন, পরিবেশ অধিদপ্তর সেন্টমার্টিনে বালু উত্তোলনের অভিযোগে একটি মামলা করেছে। মামলাটি পরিবেশ অধিদপ্তর তদন্ত করছে।

সূত্র : সমকাল




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


CAPTCHA Image
Reload Image