বঙ্গবন্ধু-বঙ্গমাতা গোল্ডকাপ
বুধবার, ১৭ ফেব্রুয়ারি, ২০১৬
খেলা ডেস্ক, সিটিজিবার্তা২৪ডটকম : ২০১৫ সালের মে মাসে দেশের ৬৩ হাজার ৫০৯টি প্রাথমিক বিদ্যালয় নিয়ে শুরু হয় বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট।
টুর্নামেন্টের নানা ধাপ পেরিয়ে সাত বিভাগের সাতটি করে (ছেলে ও মেয়ে) মোট ১৪টি দল জাতীয় পর্যায়ে খেলার যোগ্যতা অর্জন করে। তাদের নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে ১০ ফেব্রুয়ারি থেকে শুরু হয় জাতীয় পর্যায়ের খেলা। চলে ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত।
সেখান থেকে বঙ্গমাতা ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনালে ওঠে ময়মনসিংহের ধোবাউড়ার কলসিন্দুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ও রাজশাহীর বাগমাড়ার খর্দ্দকৌড় সরকারি প্রাথমিক বিদ্যালয়। আর বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনালে ওঠে দিনাজপুরের বীরগঞ্জের মরিচা সরকারি প্রাথমিক বিদ্যালয় ও কক্সবাজারের পেকুয়ার রাজাখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়।
মঙ্গলবার বঙ্গবন্ধু স্টেডিয়ামে টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনালে রাজাখালী সরকারি প্রাথমিক বিদ্যালয় টাইব্রেকারে ৩-২ গোলে মরিচা সরকারি প্রাথমিক বিদ্যালয়কে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। আর বঙ্গমাতা ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনালে কলসিন্দুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ৩-১ গোলে খর্দ্দকৌড় সরকারি প্রাথমিক বিদ্যালয়কে হারিয়ে শিরোপা জিতে নেয়। এ নিয়ে টানা তৃতীয়বারের মতো শিরোপার স্বাদ পেল কলসিন্দুরের মেয়েরা।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্টেডিয়ামে উপস্থিত হয়ে ফাইনাল খেলা উপভোগ করেন ও পুরস্কার বিতরণ করেন।
এ সময় তিনি বলেন, ‘ছোট ছোট শিশুরা আজ যে নৈপুণ্য প্রদর্শন করেছে সেটা সত্যিই অসাধারণ। আমার মনে হয় তারা বড়দেরও হার মানিয়েছে। আমি আশা করব সবগুলো প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা আরো বেশি মনোযোগী হবেন। যাতে প্রত্যেক স্কুলে খেলাধুলা চলে। প্রত্যেক স্কুলে খেলাধুলার পরিবেশ তৈরি হয়। আমরা প্রত্যেক উপজেলায় একটি করে মিনি স্টেডিয়াম তৈরি করব। যাতে ছোট ছোট ছেলে-মেয়েরা খেলাধুলা করতে পারে। সুস্থ্য শরীর ও মন নিয়ে সুস্থ্য জাতি গড়ে ওঠে। শিশুদের মধ্যে সংস্কৃতিবোধ ও প্রতিযোগিতার মনোভাব গড়ে ওঠে। এত বড় এই টুর্নামেন্টের বিভিন্ন পর্যায়ের সঙ্গে যারা সম্পৃক্ত ছিলেন তাদের সকলকে ধন্যবাদ জানাই।’
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী মোস্তাফিজুর রহমান সিজার, যুব ও ক্রীড়া উপমন্ত্রী আরিফ খান জয়, বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি কাজী সালাউদ্দিন।

