বুধবার, ১৭ ফেব্রুয়ারি, ২০১৬
আফসানা জেরিন, সিটিজিবার্তা২৪ডটকম
নিজস্ব প্রতিবেদক : অবশেষে ২০ দফা শুনানি শেষে আজ বুধবার (১৭ ফেব্রুয়ারি) হলমার্ক কেলেঙ্কারির ১১ মামলার চার্জ গঠন হতে যাচ্ছে।
বুধবার বিচারিক কাজ শুরু করতে ঢাকা মহানগর দায়রা জজের আদালতে এই চার্জ গঠন করা হবে। ১১ মামলায় ৫৮ আসামির বিরুদ্ধে সোনালী ব্যাংক রূপসী বাংলা হোটেল শাখা (প্রাক্তন শেরাটন) থেকে এক হাজার ৫৬৮ কোটি ২৬ লাখ আট হাজার ৫৭১ টাকা আত্মসাতের অভিযোগ আনা হয়েছে।
এ বিষয়ে দুদক সূত্রে জানা যায়, সোনালী ব্যাংকের ওই শাখা থেকে ঋনের নামে জালিয়াতি করে অর্থ লোপাটের অভিযোগে ২০১২ সালের ৪ অক্টোবর ১১ মামলা দায়ের করেছিল দুদক। তদন্ত শেষে ২০১৪ সালে অভিযোগপত্র দেওয়া হয়।
এরপর ২০ দফা শুনানি শেষে ১০ ফেব্রুয়ারি এসব মামলায় অভিযোগ গঠনের শুনানি শেষে ১৭ ফেব্রুয়ারি অভিযোগ গঠনের দিন ধার্য্য করে আদালত। শুনানিতে তানভীর ও জেসমিনের পক্ষে অংশ নেন আইনজীবী এহসানুল হক সমাজী। অন্যদিকে দুদকের পক্ষে ছিলেন আইনজীবী মোশাররফ হোসেন কাজল।
১১ মামলায় ২৭ আসামির মধ্যে হলমার্ক গ্রুপের এমডি তানভীর মাহমুদ, চেয়ারম্যান জেসমিন ইসলামসহ গ্রুপের সাত জন এবং সোনালী ব্যাংকের প্রাক্তন ব্যবস্থাপনা পরিচালক হুমায়ুন কবির, রূপসী বাংলা হোটেল শাখার ডিজিএম এ কে এম আজিজুর রহমানসহ ২০ জনকে আসামি করা হয়েছে।
হল-মার্কের ব্যবস্থাপনা পরিচালক তানভীরসহ নয় আসামি বর্তমানে কারাগারে। ব্যাংক কর্মকর্তা আজিজুর রহমানসহ দুজন মারা গেছেন। জেসমিন রয়েছেন জামিনে। অন্য আসামিরা পলাতক রয়েছে।
বর্তমানে হলমার্ক কেলেঙ্কারিতে আদালতে বিচারাধীন রয়েছে আরো ২৪ মামলা। ১১ মামলার চার্জ গঠন হলে বিচারাধীন মামলার সংখ্যা দাড়াবে ৩৫।

