মঙ্গলবার, ৮ মার্চ ২০১৬
নিজস্ব প্রতিবেদক, সিটিজিবার্তা২৪ডটকম
চট্টগ্রাম : নারী দিবস উপলক্ষে চট্টগ্রামের নারী পুলিশ সদস্যরা বর্ণাঢ্য শোভাযাত্রা নিয়ে রাজপথে নেমেছিল। এসময় তাদের সঙ্গে যোগ দিয়েছিলেন সিএমপির ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারাও।
মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় দামপাড়া থেকে বের হওয়া এ শোভাযাত্রার উদ্বোধন করেন সিএমপি কমিশনার আব্দুল জলিল মণ্ডল।
নারীর প্রতি সব ধরনের বৈষম্য রুখে দেয়া, নারী-পুরুষ মিলে সম্প্রীতির বাংলাদেশ গেড়ে তোলার প্রত্যয়ে এ শোভাযাত্রার আয়োজন করে নগর পুলিশের ভিকটিম সাপোর্ট সেন্টার ও পুলিশ উইমেন্স নেটওয়ার্ক, আঞ্চলিক কমিটি।
পুলিশ কমিশনার বলেন, ‘নারী পুরুষের সমতা উন্নয়নের মূল কথা। উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে নারী অধিকার ও নারী পুরুষের সমতা নিশ্চিত করতে হবে। এ ধরনের একটি র্যালীর আয়োজন সত্যিই প্রশংসনীয়।’
ভিকটিম সাপোর্ট সেন্টারের ইনচার্জ ও নগর পুলিশের অতিরিক্ত উপ কমিশনার (ট্রাফিক) মাহমুদা বেগমের নেতৃত্বে শোভাযাত্রাটি নগরীর গরীবউল্লাহ শাহ মাজার হয়ে আবারও পুলিশ লাইনে এসে শেষ হয়।
শোভাযাত্রায় অন্যান্যের মধ্যে অংশ নেন নগর পুলিশের অতিরিক্ত কমিশনার (অর্থ, প্রশাসন ও ট্রাফিক) একেএম শহীদুর রহমান, অতিরিক্ত কমিশনার (অপরাধ ও অভিযান) দেবদাস ভট্টাচার্যসহ উপ-কমিশনার, অতিরিক্ত উপ-কমিশনার ও সহকারি কমিশনার পদমর্যাদার কর্মকর্তারা। এছাড়া ইউকেএইট, পিএসটিসি, একশন এইড এর বিভিন্ন স্তরের প্রতিনিধিগণ অংশগ্রহণ করেন।

