সোমবার, ১৪ মার্চ ২০১৬ ১৫:৩৫ ঘন্টা
নিজস্ব প্রতিবেদক, সিটিজিবার্তা২৪ডটকম
ঢাকা : ৮ম জাতীয় বেতনস্কেল দ্রুত কার্যকর করাসহ ২০১৫ সালের ২০ ডিসেম্বরের প্রজ্ঞাপন সংশোধন করারও দাবি জানিয়েছে বাংলাদেশ শিক্ষক সমিতি। নইলে বৃহত্তর আন্দোলনে যাওয়ার হুমকি দিয়েছে তারা।
একই সঙ্গে শিক্ষা নীতি-২০১০ বাস্তবায়নের লক্ষ্যে শিক্ষাব্যবস্থা জাতীয়করণের দাবিও জানানো হয়েছে সমিতির পক্ষ থেকে।
সোমবার (১৪ মার্চ) ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলন থেকে এমন হুমিকি দেয়া হয়।
এ সময় শিক্ষকদের পক্ষে অভিযোগ তুলে বলা হয়, বেসরকারি শিক্ষক-কর্মচারীরা এমপিওভুক্ত হওয়ার পর থেকে বেতন-ভাতা ‘বেতনের অংশ’ হিসেবে পেয়ে আসছেন। অথচ এ সংক্রান্ত সর্বশেষ প্রজ্ঞাপনে ‘অনুদান-সহায়তা’ কথাটি যুক্ত করে শিক্ষকসমাজকে অপমান করা হয়েছে।
শিক্ষক সমিতির সভাপতি মুহাম্মদ আবু বকর সিদ্দিক জানান, ১৫ সালের ২০ ডিসেম্বরের প্রজ্ঞাপন বাতিলের দাবিতে এর আগে ৯ জানুয়ারি সংবাদ সম্মেলন, ১২ থেকে ১৪ জানুয়ারি কালোব্যাজ ধারণ, ১৬ জানুয়ারি ১ ঘণ্টার কর্মবিরতি পালন এবং ১৮ জানুয়ারি সারা দেশের জেলাসদরে এবং কেন্দ্রীয়ভাবে জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালনসহ প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করা হয়েছে। তারপরও প্রজ্ঞাপনে লিখিত শিক্ষকদের জন্য অপমানকর ‘অনুদান সহায়তা’ শব্দটির পরিবর্তন করা হয়নি।
এ প্রেক্ষিতে সংগঠনের সাধারণ সম্পাদক আবুল কাশেম সংবাদ সম্মেলন থেকে পরবর্তী কর্মসূচি ঘোষণা দিয়ে বলেন, শিক্ষা মন্ত্রণালয় ২০১৫ সালের ২০ ডিসেম্বর জারিকৃত প্রজ্ঞাপন দ্রুত সংশোধন করে ৮ম বেতনস্কেল বাস্তবায়ন না করলে আগামী ৩০ মার্চ সকাল ১১টায় সারাদেশে জেলাসদরে এবং জাতীয় প্রেস ক্লাবের সামনে কেন্দ্রীয়ভাবে শিক্ষক কর্মচারীদের মানববন্ধনসহ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হবে।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন সমিতির সহ-সভাপতি রঞ্জিত কুমার সাহা, বদিউর রহমান প্রমুখ।

