শুক্রবার, ১৮ মার্চ ২০১৬
নিউজ ডেস্ক, সিটিজিবার্তা২৪ডটকম
ঢাকা : ব্যাপক উৎসাহ উদ্দিপনার মধ্য দিয়ে শেষ মুহূর্তে চলছে কাউন্সিল প্রস্তুতির কাজ। চারপাশে টুং টাং শব্দের মধ্যে উৎসবমুখর পরিবেশে নেতাকর্মীরা স্ব স্ব দায়িত্ব পালন করছেন। অনুষ্ঠানস্থলে ছেঁয়ে গেছে ব্যানার, ফেস্টুন, প্ল্যাকার্ড। এতে শীর্ষ নেতা বা দলের পক্ষ থেকে তেমন প্রচারণা না থাকলেও অপেক্ষাকৃত অপরিচিত নেতাদের ফেস্টুন, ব্যানারই বেশি। শাহাবগ থেকে মৎসভবন মোড় পর্যন্ত পোস্টার, ব্যানার, ফেস্টুন, প্ল্যার্কাডে চেয়ে গেছে।
সময় গড়ানোর সাথে সাথে বাড়ছে লোক সমাগম। কেউ কেউ কাউন্সিলর কার্ড, ডেলিগেট কার্ড গলায় ঝুলিয়ে কাউন্সিলস্থলে অনুষ্ঠান প্রস্তুতি দেখতে আসছেন। ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের প্রধান ফটকে নির্মাণ করা হয়েছে তোরণ। সেই তোরণকে ঘিরেও লাগানো হয়েছে ব্যানার, ফেস্টুন। তবে বেশিরভাগই অপরিচিত মুখ।
এদিকে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনের প্রধান ফটকের সামনে রয়েছে ড্যাবের তত্ত্বাবধানে মেডিকেল ক্যাম্প। জানা গেছে ২৬৬ নার্স আগতদের সেবার কাজে নিয়োজিত থাকবেন। পাশেই জিয়া স্মৃতি পাঠাগার। ইঞ্জিনিয়ার্স চত্বরে ঢুকলেই জিয়া স্মৃতি পাঠাগারে জিয়াউর রহমানের বড় একটা ছবি।
মূলমঞ্চ তৈরির কাজ প্রায় শেষ। লাল সবুজের কাপড় দিয়ে মঞ্চের সামিয়ানা তৈরি হয়েছে। আর মঞ্চের সামনে সাদা ফুলের সমারোহ। মঞ্চের আশপাশে নিখোঁজ, হত্যার শিকার নেতাকর্মীদের ছবি সম্বলিত ফেস্টুনও টাঙানো হয়েছে। পাশাপাশি আ ন ম এহছানুল হক মিলনের স্ত্রী নাজমুন নাহার বেবী, হাবিব উন নবী খান সোহেল, লুৎফুজ্জামান বাবরের ছবি সম্বলিত ব্যানারও শোভা পাচ্ছে।
মঞ্চের অদূরে রয়েছে তারেক রহমান, নিখোঁজ নেতা এম ইলিয়াস আলী, প্রয়াত নাসির উদ্দিন পিন্টুর স্ত্রী নাসিমা আক্তার কল্পনা, তেজগাঁও বিশ্ববিদ্যালয় ছাত্রদল নেতা প্রয়াত আমিনুল ইসলাম জাকির, দৌড় সালাহউদ্দিনের ছেলে তানভীর রবিনের ছবি সম্বলিত ফেস্টুন ব্যানার।
তবে শীর্ষ নেতাদের ছবি সম্বলিত যেসব ব্যানার রয়েছে তা অপেক্ষাকৃত ক্ষুদ্রাকৃতির। এ কাতারে রয়েছে মির্জা আব্বাস, ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া, গয়েশ্বর চন্দ্র রায়, সাদেক হোসেন খোকার ছবি সম্বলিত ফেস্টুন। দলের কেন্দ্রীয় কমিটির অন্যতম সদস্য শামা ওবায়েদেরও ছবি সম্বলিত বড় ব্যানারও ঝুলছে মঞ্চের পাশে। এছাড়া রয়েছে জাতীয়তাবাদী তরুণ প্রজন্ম দলের আরিবা নিশিত, ফাতেমা খাতুনের বেশকিছু ফেস্টুন। আর যেসব ফেস্টুন ও ব্যানার রয়েছে তার বেশিরভাগই অপরিচিত নেতাদের।
এদিকে সার্বক্ষণিক কাউন্সিল অনুষ্ঠানস্থলে এসে সার্বিক খোঁজখবর নিচ্ছেন দলের সংশ্লিষ্ট দায়িত্বপ্রাপ্ত নেতারা। বিকেলে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন চত্বর পরিদর্শন করেন। পরে আ স ম হান্নান শাহ, গয়েশ্বর চন্দ্র রায়, আব্দুল আউয়াল মিন্টু, মো. শাজাহান, রিজভী আহমেদ, আব্দুস সালাম, সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, ব্যারিস্টার নাসির উদ্দিন আহমেদ অসীম, শাম্মী আক্তার, মনির খানসহ বিভিন্ন পর্যায়ের নেতারা।
রাত সাড়ে ৮টার দিকে গয়েশ্বর চন্দ্র রায় উপস্থিত হয়ে সবার উদ্দেশ্যে কথা বলেন। তিনি কাউন্সিল অনুষ্ঠানের প্রস্তুতিতে সকলের সহযোগিতা কামনা করেন। রাতভর কাজ চলবে বলেও জানান তিনি। ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে রান্নার আয়োজনও চলছে। নিরাপত্তা শৃঙ্খলায় সহস্রাধিক নেতাকর্মী দায়িত্ব পালন করবেন। থাকবে মোবাইল টিম, ক্লোজ সার্কিট ক্যামেরার আওতায় থাকবে গোটা কাউন্সিল অনুষ্ঠান। ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের পাশে সোহরাওয়ার্দী উদ্যানের অনুমতি পাওয়া জায়াগায়ও কাজ চলছে।
এক কথায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে কাউন্সিল অনুষ্ঠানের প্রস্তুতি নেতাকর্মীদের কাছে যেন উৎসবে পরিণত হয়েছে। এখানে সেখানে গোল হয়ে বসে বিভিন্ন পর্যায়ের নেতাদের কেউ কেউ খোশগল্পেও মেতে আছেন। প্রিয় নেতানেত্রীদের সান্নিধ্যে থেকে সেলফি তুলতেও অনেকে ভুল করছেন না। আবার মাঝে মধ্যে থেমে থেমে নেতাকর্মীরা শ্লোগানও দিচ্ছেন।

