নিজস্ব প্রতিবেদক, সিটিজিবার্তা২৪ডটকম
শনিবার, ২১ মে ২০১৬
চট্টগ্রাম : হাতে আছে আর মাত্র দেড় মাসেরও কম সময় চট্টগ্রাম কাস্টম হাউসের রাজস্ব আদায়ের লক্ষমাত্রা পূরণে এখনো ঘাটতি ৬ হাজার কোটি টাকার বেশি। তাই এই লক্ষ্যপূরণে নিয়মিত শুল্ক-করাদি আদায়ের পাশাপাশি এবার পোস্ট ক্লিয়ারেন্স অডিট বা খালাস পরবর্তী নিরীক্ষার মাধ্যমে রাজস্ব পুনরুদ্ধারে মনোযোগ দিয়েছে প্রতিষ্ঠানটি।
উদ্যোগটিকে ইতিবাচক হিসেবে দেখলেও নানা সংকটে আশানুরূপ রাজস্ব আদায় না হওয়ার পাশাপাশি হয়রানির আশংকা করছেন ব্যবসায়ীরা।
এককভাবে দেশের সর্বোচ্চ প্রায় ৩৩ শতাংশ রাজস্ব যোগান দেয় চট্টগ্রাম কাস্টম হাউস। তবে গেল ৩৫ বছরে এই প্রতিষ্ঠানটি লক্ষমাত্রা পূরণ করতে পেরেছে মাত্র ৭ বার।
চলতি ২০১৫-১৬ অর্থবছরে প্রতিষ্ঠানটির রাজস্বের লক্ষমাত্রা ৩৩ হাজার ১২১ কোটি টাকা। তবে হাতে দেড় মাসের মতো সময় বাকি থাকলেও এখনো ঘাটতি ৬ হাজার কোটি টাকার বেশি। যা পূরণে প্রতিদিন গড়ে আদায় করতে হবে দেড়শ কোটি টাকার অধিক।
প্রতিবছরই লক্ষমাত্রা পূরণে নিয়মিত কর আদায়ের পাশাপাশি বিশেষ কিছু পদক্ষেপ নেয় কাস্টমস। সে ধারাবাহিকতায় এবার জোর দেয়া হচ্ছে পোস্ট ক্লিয়ারেন্স অডিট কার্যক্রমে। খালাস হওয়া বিশেষ বিশেষ পণ্য চালানের নথিপত্র পুনর্মূল্যায়ন করে অনাদায়ী শুল্ক আদায়ে নজর দেয়া হচ্ছে।
ব্যবসায়ীরা বিষয়টিকে ইতিবাচক হিসেবেই দেখছেন। তবে এক্ষেত্রে দক্ষ ও পর্যাপ্ত সংখ্যক কর্মকর্তার অভাবে হয়রানির আশংকা কারো কারো।
প্রতিবছরই বাড়ছে কাস্টমসের রাজস্ব আদায়ের লক্ষমাত্রার হার। আর তা আদায় করতে গিয়ে কর্মকর্তা-কর্মচারীদের হাতে ব্যবসায়ীরা হয়রানির শিকার হচ্ছে বলে অভিযোগ।

