রাশেদুল হাসান, সিটিজিবার্তা২৪ডটকম
শনিবার, ২১ মে ২০১৬
খেলা ডেস্ক : ইউরোপের জমজমাট এক ফুটবল মৌসুম শেষ হবার অপেক্ষায়। আজ রাতে চার দেশে কাপ ফাইনাল।
এফ এ কাপে রাত সাড়ে দশটায় ম্যানচেস্টার ইউনাইটেড এর প্রতিপক্ষ ক্রিস্টাল প্যালেস। বারোটায় জার্মান ক্লাসিকো। গার্দিওলার বিদায়ী ম্যাচে ডর্টমুন্ডের বিপক্ষে নামছে বায়ার্ন। পৌনে একটায় ইতালিয়া কাপ ফাইনালে লড়বে য়্যুভেন্তাস-এসি মিলান।
সবশেষ ম্যাচটি ফ্রান্সে। মুখোমুখি হবে পিএসজি ও অলিম্পিক মার্শেই। ইউরোপের বড় লিগগুলোয় শিরোপার ফয়সালা আগেই হয়েছে। কাপ ফাইনাল দিয়ে রাতে পর্দা নামছে ইংল্যান্ড, জার্মানী ইতালি আর ফ্রান্সের ফুটবল মৌসুমের। দুবছরের ম্যান ইউ দায়িত্বে প্রথম ট্রফি জেতার হাতছানি কোচ লুই ফন হালের। ক্লাবের সঙ্গে সম্পর্কচ্ছেদের গুঞ্জন সত্যি হলে, এটাই একমাত্র সাফল্য হয়ে থাকবে ডাচম্যানের।
দলের এমন নাজুক পরিস্থিতিতে. ২৬ বছর আগে ক্রিস্টাল প্যালেসকে হারিয়ে ঘুরে দাড়ানোর নজির রেখেছিলো ফার্গুসনের ইউনাটেড। পুরনো ক্ষত নিয়ে আজ কোচ হিসেবে প্যালেসকে নিয়ে নামছেন, সেই দলের খেলোয়াড় অ্যালান প্যারডু। জিতলে আর্সেনালের সমান, সর্বোচ্চ ১২ এফএ কাপ ট্রফি জয়ের কৃতিত্ব দেখাবে রেড ডেভিলরা। জার্মান কাপ ফাইনালে জার্মান ক্লাসিকো, মুখোমুখি বায়ার্ন-বরুশিয়া।
যে লড়াইয়ের পুরোটাই আলোকিত বায়ার্ন কোচ হিসেবে পেপ গার্দিওলার শেষ ম্যাচ বলে। ডাবল জিতে জার্মানী ছাড়তে চান গার্দিওলা। টানা চার বুন্দেস লিগা চ্যাম্পিয়নদের সুযোগ রেকর্ড ১৭ জার্মান কাপ জেতার। ইনজুরিতে অনিশ্চিত হাভি মার্তিনেজ। নেই আরিয়েন রোবেনও।
অন্যদিকে, গত দুবার ফাইনাল খেললেও নিরাশ হতে হয়েছিলো বরুশিয়া ডর্টমুন্ডকে। এবার ধারা বদলের প্রত্যয় স্ট্রাইকার পিয়েরে এরিক ওবামেয়াং এর। বিদায়ের রাগীনি ফ্রান্সেও। ৪ বছরের পার্ক দ্য প্রিন্সেস অধ্যায় শেষ করছেন ক্লাবের রেকর্ড গোলস্কোরার ইব্রাহিমোভিচ। এই সময়ে চারটি ফ্রেঞ্চ লিগ আর তিনটি কাপ জিতিয়েছেন পিএসজিকে। জিতলে, মার্শেই এর সমান ১০ ফ্রেঞ্চ কাপ জয়ের রেকর্ডে ভাগ বসাবে পারিসিয়ানরা।
ইতালিতে, দুই জায়ান্টের যুদ্ধে ভিন্ন হিসেব। য়্যুভেন্তাসের সঙ্গে পাল্লা দিয়ে লড়াইয়ের সেই দিনগুলো এখন অতীত এসি মিলানের। টানা দুবছর ইউরোপীয় মঞ্চের কোন আসরেই কোয়ালিফাই করতে না পারা রজোনেরিদের সামনে সান্তনার একটা পথ খোলা। ওল্ড লেডিদের হারালেই সরাসরি ইউরোপা লিগে কোয়ালিফাই করবে এসি মিলান।

