শনিবার,১৯ আগস্ট ২০১৭
Ctgbarta24.com
চট্রগ্রাম : “কণিকা- একটি রক্তদাতা সংগঠন” এর উদ্যোগে,১৯শে আগস্ট,রোজ-শনিবার, আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম এর কুমিরা ক্যাম্পাসে আয়োজিত হয় “কণিকা ক্যাম্পাস ক্যাম্পেইন’১৭”। একই সাথে ছাত্র ও ছাত্রীদের পৃথক দুটি ক্যাম্পাসে আয়োজিত ক্যাম্পেইন উদ্বোধন করেন ফিমেল ক্যাম্পাস চিফ জনাব মাহবুবুল আলম ও জনাব মামুনুর রশিদ, অতিরিক্ত পরিচালক, স্টুডেন্ট এফেয়ার্স ডিভিশন। দিনভর বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় করা হয় এবং স্বেচ্ছায় রক্তদানে শিক্ষার্থীদের উদ্বুদ্ধকরণ ও সচেতন করার লক্ষ্যে বিতরণ করা হয় সচেতনতামূলক লিফলেট। এছাড়াও,কণিকার “থ্যালাসেমিয়া সাপোর্ট সেন্টার” এর পক্ষ থেকে থ্যালাসেমিয়া রোধে মোটিভেশনাল স্পিচ ও সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়।
পৃথক দুটি ক্যাম্পাসে আয়োজিত এ ক্যাম্পেইনে প্রায় ৩০০ জনের অধিক ছাত্র ছাত্রীর বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় করা হয়। স্বেচ্ছায় রক্তদাতা হিসেবে ২৫০ জনের নাম তালিকাভুক্ত করা হয়।
ক্যাম্পেইন উদ্বোধনকালে সংগঠনের সভাপতি জনাব সাইফুল্যাহ মনির বলেন “একটি মানবিক সমাজ গড়ে তোলার তাগিদে, রক্তের অপ্রতুলতাজনিত সমস্যা দূরীকরণে এ ধরনের সচেতনতামূলক ক্যাম্পেইন বিশেষ ভূমিকা পালনে সক্ষম বলে মনে করি আমরা। তাই ভবিষ্যতেও “কণিকা ক্যাম্পাস ক্যাম্পেইন” এর ব্যানারে পর্যায়ক্রমে চট্রগ্রামের সবগুলো বিশ্ববিদ্যালয়ে ও কলেজে এ ধরনের সচেতনতামূলক ক্যাম্পেইন পরিচালনার আশা রাখি।”
উক্ত ক্যাম্পেইনে কণিকার কার্যনির্বাহী সদস্যরা উপস্থিত ছিলেন। উল্লেখ্য, স্বেচ্ছায় রক্তদানে মানুষকে সচেতন করার তাগিদে ২০১২ সাল থেকে কাজ করে চলছে “কণিকা-একটি রক্তদাতা সংগঠন।”














