Thursday, 23 Nov 2017
Ctgbarta24.com
বৃহস্পতিবার খালেদার নিজেকে নির্দোষ দাবি করার মধ্য দিয়ে জিয়া দাতব্য ট্রাস্ট দুর্নীতি মামলায় দ্বিতীয়বারের মত খালেদা জিয়ার আত্মপক্ষ সমর্থনের প্রক্রিয়া শুরু হয়।
জিয়া দাতব্য ট্রাস্ট মামলায় আত্মপক্ষ সমর্থনে নিজেকে ‘সম্পূর্ণ নির্দোষ’ দাবি করেছেন বিএনপি চেয়ারপারসন।
এ মামলার সাক্ষীদের জবানবন্দি ও মামলার অভিযোগ পড়ে শুনিয়ে বিচারক খালেদা জিয়ার কাছে জানতে চান- তিনি দোষী না নির্দোষ। জবাবে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া বলেন, “আমি সম্পূর্ণ নির্দোষ।”
এ মামলায় আত্মপক্ষ সমর্থনে খালেদা জিয়া কোনো কাগজপত্র জমা দেবেন কী না– তা জানতে চান বিচারক। জবাবে বিএনপি নেত্রী বলেন, ‘প্রয়োজন মনে করলে’ তিনি কাগজপত্র জমা দেবেন; একইসঙ্গে সাফাই সাক্ষীও দেবেন।
পরে একই আদালতে তিনি জিয়া এতিমখানা ট্রাস্ট মামলায় আত্মপক্ষ সমর্থন করে ষষ্ঠ দিনের মত প্রায় এক ঘণ্টা বক্তব্য দেন।আত্মপক্ষ সমর্থনে খালেদা জিয়ার বাকি বক্তব্য শোনার জন্য আগামী ৩০ নভেম্বর দিন রেখেছেন বিচারক আখতারুজ্জামান।
খালেদার অসুস্থতার কারণ দেখিয়ে তার আইনজীবী জয়নুল আবেদীন এ দুই মামলায় তার স্থায়ী জামিনের আবেদন করলে বিচারক তা খারিজ করে দেন।
জিয়া দাতব্য ট্রাস্টের নামে আসা তিন কোটি ১৫ লাখ ৪৩ হাজার টাকা আত্মসাতের অভিযোগে ২০১০ সালের ৮ অগাস্ট তেজগাঁও থানায় এই মামলা করে দুর্নীতি দমন কমিশন (দুদক)। তদন্ত কর্মকর্তা হারুন অর রশিদ ২০১২ সালের ১৬ জানুয়ারি খালেদা জিয়াসহ চার জনকে আসামি করে আদালতে অভিযোগপত্র দেন। পরের বছরের ১৯ মার্চ অভিযোগ গঠনের মধ্য দিয়ে আসামিদের বিচার শুরু হয়।
রাষ্ট্রপক্ষের সাক্ষ্যগ্রহণ শেষে গত ১ ডিসেম্বর আদালতে উপস্থিত হয়ে আত্মপক্ষ সমর্থনে নিজের বক্তব্য উপস্থাপন শুরু করেন খালেদা। সেদিনও তিনি নিজেকে নির্দোষ দাবি করে আদালতের কাছে সুবিচার চান।
অবশ্য পরে উচ্চ আদালত থেকে তিনি নতুন করে আত্মপক্ষ সমর্থনের বক্তব্য উপস্থাপনের অনুমতি পান। খালেদার আবেদনে এর মধ্যে এ মামলার বিচারকও বদলে যায়।










