কোকেন মামলা নিম্ন আদালতে চলতে বাধা নেই

Tuesday,31 Oct 2017

Ctgbarta24.com

চট্টগ্রাম বন্দরে তরল কোকেন উদ্ধারের ঘটনায় দায়ের করা মামলার কার্যক্রম স্থগিত করে হাইকোর্টের দেওয়া আদেশ স্থগিত করেছেন আপিল বিভাগ। এর ফলে এই কোকেন মামলা নিম্ন আদালতে চলতে বাধা নেই বলে জানিয়েছেন আইনজীবীরা।

মঙ্গলবার (৩১ অক্টোবর) সকালে ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি মো. আবদুল ওয়াহহাব মিঞার নেতৃত্বাধীন চার বিচারপতির আপিল বেঞ্চ এ আদেশ দেন। একইসঙ্গে আদালত এই মামলা ছয় মাসের মধ্যে নিষ্পত্তির নির্দেশ দিয়েছেন।

আদালতে ব্যবসায়ী নূর মোহাম্মদের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট জয়নাল আবেদিন। রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম।

এর আগে গত ৮ অক্টোবর এই মামলার কার্যক্রম স্থগিত করে আদেশ দেন মো. মিফতাহ উদ্দিন চৌধুরী ও বিচারপতি এ এন এম বসির উল্লাহর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ। চট্টগ্রাম বন্দরে তরল কোকেন আটকের ঘটনায় হওয়া মামলায় খানজাহান আলী গ্রুপের চেয়ারম্যান নূর মোহাম্মদের মামলা বাতিল চেয়ে আবেদনের প্রেক্ষিতে হাইকোর্ট ওই আদেশ দিয়েছিলেন।

তরল কোকেন সন্দেহে গত বছরের ৬ জুন রাতে চট্টগ্রাম বন্দরে একটি কনটেইনার সিলগালা করেন শুল্ক গোয়েন্দা কর্মকর্তারা। ২৭ জুন শুল্ক গোয়েন্দা অধিদফতর জানায়, কেমিক্যাল পরীক্ষায় একটি ড্রামে তরল কোকেনের অস্তিত্ব পাওয়া গেছে।

একই বছরের ২৮ জুন নগরীর বন্দর থানার উপপরিদর্শক (এসআই) ওসমান গনি বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে খানজাহান আলী লিমিটেডের চেয়ারম্যান নূর মোহাম্মদ ও সোহেলকে আসামি করে মামলা করেন। র‌্যাব-৭ এর একটি দল গোপন সংবাদের ভিত্তিতে গত ১৫ জানুয়ারি অভিযান চালিয়ে নূর মোহাম্মদকে গ্রেফতার করে।

আপনার মতামত দিন....

এ বিষয়ের অন্যান্য খবর:


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।


CAPTCHA Image
Reload Image