বৃহস্পতিবার,০৩ নভেম্বর ২০১৬
সিটিজিবার্তা২৪ডটকম
প্রধানমন্ত্রী শেখ হাসিনা জেল হত্যা দিবস উপলক্ষে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও জাতীয় চার নেতার প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন।
ধানমণ্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে বৃহস্পতিবার সকাল ৭টার দিকে ফুল দিয়ে প্রধানমন্ত্রী হিসেবে শ্রদ্ধা নিবেদন করেন শেখ হাসিনা।
এরপর আওয়ামী লীগের সভাপতি হিসেবেও দলের শীর্ষ নেতাদের নিয়ে তিনি শ্রদ্ধা জানান। পরে ধানমণ্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধু ভবনে প্রবেশ করেন প্রধানমন্ত্রী। সেখানে কিছুক্ষণ অবস্থান করেন তিনি।
এ সময় উপস্থিত ছিলেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, উপদেষ্টা পরিষদের সদস্য ও বাণিজ্য মন্ত্রী তোফায়েল আহমেদ, সভাপতিমণ্ডলীর সদস্য বেগম মতিয়া চৌধুরী, মোহাম্মদ নাসিম, অ্যাডভোকেট সাহারা খাতুন, নুরুল ইসলাম নাহিদ, ড. মো. আব্দুর রাজ্জাক, লে. কর্নেল (অব.) মুহাম্মদ ফারুক খান।
এছাড়াও যুগ্ম সাধারণ সম্পাদক মাহাবুবউল আলম হানিফ, ডা. দীপু মনি, জাহাঙ্গীর কবীর নানক, আব্দুর রহমান, সাংগঠনিক আফম বাহাউদ্দিন নাছিম, একেএম এনামুল হক শামীম ও খালিদ মাহমুদ চৌধুরী এ সময় উপস্থিত ছিলেন।
১৯৭৫ সালের ৩ নভেম্বর মধ্যরাতে ঢাকা কেন্দ্রীয় কারাগারের নিভৃত প্রকোষ্ঠে বন্দি অবস্থায় হত্যা করা হয় জাতীয় চার নেতা সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দীন আহমদ, ক্যাপ্টেন এম. মনসুর আলী এবং আবু হেনা মোহাম্মদ কামারুজ্জামানকে।
কারাগারের নিরাপদ আশ্রয়ে থাকা অবস্থায় বর্বরোচিত এ হত্যাকাণ্ড পৃথিবীর ইতিহাসে বিরল।




