মঙ্গলবার ,৩১ জানুয়ারি ২০১৭
সিটিজিবার্তা২৪ডটকম
অনেক ঢাকঢোল পিটিয়েও বিআরটিএতে দুদকের অভিযান নিষ্ফলাই রয়ে গেলো। বিন্দুমাত্র গ্রাহক ভোগান্তি কমেনি। মেলেনি কোনো অভিযোগের সমাধানও।
তবে এ জন্য গণমাধ্যমকে দুষছে দুদক। তাদের অভিযোগ, গণমাধ্যমের উপস্থিতির কারণেই তাদের অভিযানে বিপত্তি বেঁধেছে। অবশ্য আগামীতে গোপনে অভিযান চালানোর ঘোষণা দিয়েছে সংস্থাটি।
দুর্নীতি খুঁজতে ঘটা করে বিআরটিএ কার্যালয়ে দুদকের অনুসন্ধান দল। সাথে সেই প্রতিষ্ঠানের কর্তাব্যক্তিরা যাদের কার্যালয়ের স্বচ্ছতার জন্য এই আগমন। সে কারণেই হয়তো এদিনের এমন চিত্র বিআরটিএ কার্যালয়ে। অন্যসময়ে যেখানে দালালদের দৌরাত্বে নিয়মনুযায়ী কাজ করাই দায়, সেখানে এদিন দেখা নেই কোন দালালের। কিন্তু সেবা নিতে আসা গ্রাহকের অভিযোগ ছিল অনেক।
গ্রাহকদের এমন অভিযোগের বিষয়ে তাৎক্ষণিক সমাধান না দিলেও দুদক বলছে, ভোগান্তি রোধে আগামীতে গোপনে অভিযান চালানো হবে। আর দুদকের অভিযানের বিষয়ে বিআরটিএর কর্মকর্তারা জানান, কারো বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ পেলে, ব্যবস্থা নেয়া হবে। সরকারি বড় খাতগুলোয় দুর্নীতি অনুসন্ধানে, গত সপ্তাহে বিশেষ টিম গঠন করে দুদক। এর অংশ হিসেবে, সোমবার চট্টগ্রাম কাস্টম হাউজ ও বিমান বাংলাদেশের কার্যালয়ে অভিযান চালায় সংস্থাটি।




