Wednesday,01 Nov 2017
Ctgbarta24.com
রোহিঙ্গাদের দেখতে যাওয়ার পথে ফেনীতে খালেদা জিয়ার গাড়িবহরে হামলার প্রতিবাদে আগামীকাল বৃহস্পতিবার সারা দেশের জেলা সদরে বিক্ষোভ করবে বিএনপি। এ ছাড়া একই কারণে আগামী শনিবার ঢাকা মহানগরে সব থানায়ও বিক্ষোভ দেখাবে দলের নেতাকর্মীরা।
গত শনিবার চার দিনের সফরে ঢাকা থেকে কক্সবাজার রওনা দেন খালেদা জিয়া। বিকেলে ফেনী শহরের কাছে মোহাম্মদ আল বাজার পার হওয়ার সময় একদল মানুষ গাড়িবহরের ওপর হামলা চালায়।
আজ বুধবার সকালে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
এ সময় ওই ব্যক্তিরা খালেদা জিয়ার গাড়িবহরের সঙ্গে থাকা বেসরকারি টেলিভিশন চ্যানেল আই, ডিবিসি, একাত্তর ও বৈশাখী টেলিভিশনের গাড়িসহ বেশকিছু যানবাহনে হামলা চালিয়ে ভাঙচুর করে। এরপর অবশ্য চট্টগ্রামেও বিএনপি চেয়ারপারসনের গাড়িবহরে হামলার ঘটনা ঘটে।
এ ঘটনার জন্য বিএনপি স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীদের দায়ী করে। অন্যদিকে সরকারি দলের পক্ষ থেকে বলা হয়েছে, অভ্যন্তরীণ কোন্দলের জের ধরেই এ হামলার ঘটনা ঘটে।
বিকেলে খালেদা জিয়ার গাড়িবহর ফেনীর মহীপালের ফ্লাইওভার এলাকা অতিক্রম করার কয়েক মিনিট আগে সেখানে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা দুটি বাসে পেট্রলবোমা নিক্ষেপ করে দুর্বৃত্তরা। মুহূর্তের মধ্যে বাস দুটি আগুন ধরে দাউদাউ করে জ্বলতে থাকে।
এর মধ্যেই গতকাল মঙ্গলবার কক্সবাজার থেকে ঢাকায় ফেরার পথে ফের ফেনীতে খালেদা জিয়ার গাড়িবহরের পেছনে পেট্রলবোমা হামলার ঘটনা ঘটে।









