Tuesday,31 Oct 2017
Ctgbarta24.com
পুলিশের ‘হুকুমে’ চা আনতে যাওয়ার পথে দ্রুতগামী একটি পিকআপ চাপায় মো.তারেক (১৬) নামে এক শিশু গুরুতর আহত হয়ে মারা যায়। এই ঘটনার পর স্থানীয় জনতা উত্তেজিত হয়ে দুই পুলিশ সদস্যকে ধরে গণপিটুনি দিয়েছে।
আজ মঙ্গলবার (৩১ অক্টোবর) সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ডের ফৌজদারহাট এলাকায় এই ঘটনা ঘটেছে।
গণপিটুনির শিকার দুই পুলিশ সদস্য হলেন, এটিএসআই মো. মনির ও কনস্টেবল মো. কাশেম।
সূত্রমতে, পিটুনির সময় স্থানীয় জনতা অভিযোগ করেন, ফৌজদারহাট ক্রসিং এলাকায় বসে প্রতিদিন জেলা ট্রাফিক পুলিশের সদস্যরা গাড়ি থামিয়ে চাঁদাবাজি করেন। পুলিশের হাত থেকে বাঁচতে প্রত্যেক গাড়ির গতি ক্রসিং এলাকায় এসে বাড়িয়ে দেন চালক। পুলিশ সদস্যদের দেখে পিকআপটিও দ্রুতগতিতে চলে যাবার চেষ্টা করে এবং দুর্ঘটনা ঘটেছে।
তবে এই অভিযোগ সত্য নয় জানিয়ে চট্টগ্রামের অতিরিক্ত পুলিশ সুপার (সদর) রেজাউল মাসুদ বলেন, পুলিশ সদস্যরা শিশুটিকে চা আনতে পাঠিয়েছিলেন। এরপর দুর্ঘটনা ঘটে। স্থানীয় কিছু মানুষ অপপ্রচার চালিয়ে পুলিশ সদস্যদের উপর আক্রমণ চালিয়েছে। আসলে বিষয়টিকে অতিরঞ্জিত করা হয়েছে।
পিকআপ চাপায় আহত তারেককে দ্রুত চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর দুপুরে সে মারা যায়।
বাংলানিউজ









