Thursday,10 January 2019
ctgbarta24.com
টেকনাফ : কক্সবাজারের টেকনাফে মাদক মামলায় গ্রেফতার দুই আসামি পুলিশের অভিযানের মধ্যে কথিত বন্দুকযুদ্ধে নিহত হয়েছেন।
বুধবার রাত সোয়া ১টার দিকে টেকনাফ উপজেলার সাবরাং ইউনিয়নের খুরেরমুখ এলাকায় গোলাগুলির ওই ঘটনা ঘটে বলে জানিয়েছেন টেকনাফ থানার ওসি প্রদীপ কুমার দাশ।
নিহতরা হলেন, আব্দুর রশিদ ওরফে ডাইল্ল্যা (৪৭)। তিনি সাবরাং ইউনিয়নের কচুবনিয়া এলাকার মৃত ইমাম শরীফের ছেলে। অপরজন আবুল কালাম (৩৪)। তিনিও একই ইউনিয়নের আব্দুর রহমানের ছেলে।
ওসি প্রদীপ বলেন, তালিকাভুক্ত মাদক চোরাকারবারি পলাতক আসামি রশিদ ও রহমানকে বুধবার বিকালে গ্রেফতার করে পুলিশ। পরে তাদের থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। জিজ্ঞাসাবাদে তারা মাদক চোরাকারবারে জড়িত থাকার কথা স্বীকার করে। পরে তাদের নিয়ে পুলিশ মাদক উদ্ধারে অভিযানে যায়।
পুলিশ গ্রেফতার দুই আসামিকে নিয়ে রাত সোয়া ১টার দিকে খুরেরমুখ এলাকায় পৌঁছালে সেখানে অবস্থান নিয়ে থাকা তাদের সহযোগীরা গুলি ছোড়ে বলে দাবি করেন ওসি।
একইসঙ্গে রশিদের বিরুদ্ধে মাদক ও মানবপাচার এবং নারী-শিশু নির্যাতনের ছয়টি মামলা রয়েছে। আর রহমানের বিরুদ্ধে মাদক চোরাচালানসহ বিভিন্ন অভিযোগে আটটি বিভিন্ন থানায় মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
তিনি বলেন, “পুলিশও তখন আত্মরক্ষার্থে পাল্টা গুলি চালায়। গোলাগুলির এক পর্যায় রশিদ ও রহমান গুলিবিদ্ধ হয়।”
দুই আসামিকে টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন বলে জানান ওসি।
তিনি বলেন, ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে ২২ হাজার ইয়াবা, পাঁচটি দেশীয় বন্দুক এবং ২২টি গুলি উদ্ধার করা হয়।
এ অভিযানে টেকনাফ থানার এস আই মো. বোরহান উদ্দিন, এএসআই মোহাম্মদ ফরহাদ ও কনস্টেবল হৃদয় আহত হয়েছেন এবং তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে।




