নিজস্ব প্রতিবেদক, সিটিজিবার্তা২৪ডটকম
শুক্রবার, ২৩ সেপ্টেম্বর ২০১৬
ফতুল্লা, নারায়ণগঞ্জঃ আফগানিস্তানের বিপক্ষে প্রথম দুই ওয়ানডের জন্য ঘোষিত দলের মাত্র তিনজন অংশ নিয়েছিলেন আজকের প্রস্তুতি ম্যাচে। তারপরও আফগানিস্তানের বিপক্ষে বিসিবি একাদশের হারে নিশ্চিতভাবেই সন্তুষ্ট হতে পারবেন না বাংলাদেশের সমর্থকরা। ২৩৪ রানের লক্ষ্য তাড়া করতে নেমে জয়ের ধারেকাছেও যেতে পারেনি বিসিবি একাদশ। ৩৮.১ ওভার ব্যাটিং করে অলআউট হয়ে গেছে ১৬৭ রানে। মাঠ ছেড়েছে ৬৬ রানের হার নিয়ে।
বিসিবি একাদশের পক্ষে প্রায় একাই লড়াই করেছেন মোসাদ্দেক হোসেন। ৯৭ বলে ৭৬ রানের ঝলমলে ইনিংস খেলে নির্বাচকদের আস্থার প্রতিদান ভালোমতোই দিয়েছেন এই ডানহাতি ব্যাটসম্যান। আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজ দিয়েই আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয়ে যেতে পারে মোসাদ্দেকের।
আন্তর্জাতিক ক্রিকেটের অভিজ্ঞতাসম্পন্ন স্বীকৃত ব্যাটসম্যানদের মধ্যে বিসিবি একাদশের হয়ে খেলেছেন ইমরুল কায়েস, এনামুল হক, সাব্বির রহমান ও লিটন দাস। আফগানিস্তানের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে চারজনই ব্যর্থ হয়েছেন ভয়াবহভাবে।
প্রথম ১৪ ওভারের মধ্যে মাত্র ৩৯ রান সংগ্রহ করতেই সাজঘরে ফিরেছিলেন এই চার ব্যাটসম্যান। কেউই পেরোতে পারেননি দুই অঙ্কের কোটা। পঞ্চম উইকেটে ৫৬ রানের জুটি গড়ে ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত দিয়েছিলেন মেহেদী হাসান মিরাজ ও মোসাদ্দেক।
কিন্তু ২৫তম ওভারে দুর্ভাগ্যবশত রানআউট হয়ে সাজঘরে ফেরেন মিরাজ। তখনই ফিকে হয়ে যায় বাংলাদেশের জয়ের আশা। ষষ্ঠ উইকেটে ৫৯ রানের জুটি গড়ে অবশ্য আরো কিছুক্ষণ লড়াই চালিয়েছিলেন মোসাদ্দেক ও শুভাগত হোম।
কিন্তু ৩৪তম ওভারে মোসাদ্দেক আউট হয়ে যাওয়ার পরই নিশ্চিত হয়ে যায় বিসিবি একাদশের হার। পরবর্তী পাঁচ ওভারের মধ্যেই বিসিবি হারায় বাকি চারটি উইকেট। শুভাগত খেলেছেন ৩১ বলে ৩৪ রানের লড়াকু ইনিংস।
আফগানিস্তানের পক্ষে দারুণ বোলিং করেছেন অভিজ্ঞ অফস্পিনার মোহাম্মদ নবী। আট ওভার বল করে মাত্র ২৪ রানের বিনিময়ে নিয়েছেন চারটি উইকেট। দুটি করে উইকেট পেয়েছেন রশিদ খান ও ফরিদ আহমেদ।
এর আগে টস হেরে ব্যাট করতে নেমে হাসমত উল্লাহ শাহিদীর ৬৯, আসগর স্টানিকজাইয়ের ৩১, মিরওয়াইশ আশরাফের ৩২ ও রশিদ খানের ৩০ রানের ইনিংসগুলোতে ভর করে স্কোরবোর্ডে ২৩৩ রান জমা করেছিল আফগানিস্তান।





