নিজস্ব প্রতিবেদক, সিটিজিবার্তা২৪ডটকম
শনিবার, ১০ সেপ্টেম্বর ২০১৬
চট্টগ্রাম: মৌলভি পুকুর পাড় থেকে বিসিক শিল্প এলাকা সড়ক (রিয়াজুদ্দিন উকিল সড়ক)
সহ সংশ্লিষ্ট সড়ক পরিদর্শন করেছেন সিটি কর্পোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দীন।
শনিবার (১০ সেপ্টেম্বর) দুপুরে বর্ষায় ক্ষতিগ্রস্থ নগরীর বিভিন্ন সড়ক পরিদর্শন করেন।
এ সময় সিটি মেয়রের সাথে সাংসদ মঈনুদ্দিন খান বাদল এমপি উপস্থিত ছিলেন।
মেয়র মৌলভি পুকুর পাড় থেকে বিসিক শিল্প এলাকা সড়ক (রিয়াজুদ্দিন উকিল সড়ক) ডোমখালী খাল ব্রীজ, টেকবাজার সড়ক, শমসের পাড়া সড়কসহ সংশ্লিষ্ট সড়ক এলাকা পরিদর্শন করেন।
পরিদর্শনকালে সিটি মেয়র উপস্থিত জনসাধারণকে আশ্বস্থ করে বলেন, আগামী ৩ বছরের মধ্যে নগরীর সকল সড়কের শতভাগ উন্নয়ন কাজ সম্পন্ন করা হবে।
এ লক্ষ্যে ত্রি-বার্ষিক উন্নয়ন পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। এই লক্ষ্যমাত্রা অর্জনে বর্তমানে নগর জুড়ে সড়ক উন্নয়ন কাজ চলমান রয়েছে। জাইকা,এডিপি ও থোক বরাদ্দের মাধ্যমে এই সব উন্নয়ন কাজ সম্পাদন করা হচ্ছে।
এ মহাপরিকল্পনা বাস্তবায়িত হলে নগরীর যোগাযোগ ব্যবস্থায় দৃশ্যমান অগ্রগতি হবে। কাঁচা সড়ক পাকাকরণ, পাকা সড়ক কার্পেটিংয়ের আওতায় আনাসহ নতুন নতুন সড়ক নির্মানের কাজও বাস্তবায়ন করা হবে। নাগরিক সেবার স্বার্থেই এ সকল উন্নয়ন কাজের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। তবে এর জন্য নাগরিক সহযোগিতাও আমি প্রত্যাশা করছি।
পরিদর্শনের সময় চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রধান প্রকৌশলী লে. কর্ণেল মহিউদ্দিন আহমদ সহ চসিক এর সংশ্লিষ্ট প্রকৌশলীবৃন্দ এবং চান্দগাঁও ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি নূর মোহাম্মদ নুরু,সাধারণ সম্পাদক এড. আইয়ুব খান, চান্দগাঁও থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শাহজাহান, ওয়ার্ড আওয়ামী লীগ নেতা এনামূল হক, রেজাউল হায়দার মিন্টু, শাহাজাহান,তছকির আহমেদসহ স্থানীয় মুরুব্বী, আওয়ামী লীগ নেতাকর্মী উপস্থিত ছিলেন।





