সিটিজিবার্তা২৪ডটকম, চট্টগ্রাম: ঢাকার পাইকারি বাজার থেকে পোশাক কিনে দু-তিন গুণ বেশি দামে বিক্রি করায় নগরীর পাইকারী কাপড়ের বাজার টেরি বাজারের ব্যবসায়ীদের সতর্ক করেছেন ভ্রাম্যমাণ আদালত।
চট্টগ্রামে ভোগ্য পণ্যের মতো ঈদের পোশাকেও অতিরিক্ত মুনাফা ঠেকাতে বিভিন্ন মার্কেটগুলোতে অভিযান পরিচালনা শুরু করেছে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত।
বুধবার (১৫ জুন) সকালে নগরীর পাইকারি কাপড়ের বাজার টেরী বাজারে নির্বাহী ম্যাজিস্ট্রেট তাহমিলুর রহমান নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানকালে বিভিন্ন দোকানে মূল্যের তিন থেকে চার গুণ বেশিমূল্যে বিক্রি করতে দেখা যায়। ফলে জরিমানা না করে এসব দোকানদের সতর্ক করে দেওয়া হয়।
ঢাকার উর্দু রোডে যে পাঞ্জাবির পাইকারি দাম ছিল ১০০০ টাকা, সেটি চট্টগ্রাম নগরীর টেরিবাজারের মেগামার্ট নামের একটি দোকানে বিক্রি হচ্ছিল ৩৫০০ টাকায়।অভিযানকালে অতিরিক্ত মুনাফা আদায়ের এ চিত্র দেখতে পান ভ্রাম্যমাণ আদালত।
আরেকটি দোকান স্টার প্লাস এ দেখা যায় কাপড় ভেদে তারা ২০০০ থেকে ৪০০০ টাকা লাভ করছে। আবার টেরী বাজারেরই অন্য দোকান থেকে কিনে তারা বেশি দামে বিক্রয় করতো। অভিযানে প্রায় নয়টি দোকানের মূল্য পর্যবেক্ষণ করা হয়। তবে প্রথমবারের মতো অভিযান হওয়ায় মেগামার্ট, স্টার প্লাস সহ নয়টি দোকানের বিক্রেতাদের দণ্ড না দিয়ে শুধু সতর্ক করেছেন ভ্রাম্যমাণ আদালত।
নির্বাহী ম্যাজিস্ট্রেট তাহমিলুর রহমান সাংবাদিকদের বলেন, ‘কয়েকটি দোকানে দেখা গেছে দ্বিগুণ-তিন গুণ লাভে কাপড় বিক্রি করা হচ্ছে। অবশ্য কেউ কেউ যৌক্তিক মূল্যে কাপড় বিক্রি করছেন। প্রথমবার অভিযান বলে সব ব্যবসায়ীকে সতর্ক করা হয়েছে। দু-এক দিনের মধ্যে এই বাজারে আবারও অভিযান চালানো হবে। তখন কাউকে ছাড় দেওয়া হবে না।’
অভিযানকালে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট তাহমিনা আক্তার ও রঞ্জন চন্দ্র দেসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, চেম্বার, ক্যাব এবং টেরী বাজার ব্যবসায়ী সমিতির প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।






