এই মাত্র:

এম পি লতিফের বিরুদ্ধে এবার সাইবার ট্রাইব্যুনালে রিভিশন

নিজস্ব প্রতিবেদক,  সিটিজিবার্তা২৪ডটকম

বৃহস্পতিবার,  ২৪ আগস্ট ২০১৭

এম পি লতিফের বিরুদ্ধে এবার সাইবার ট্রাইব্যুনালে রিভিশন

চট্টগ্রাম : বঙ্গবন্ধুর ছবি বিকৃতির অভিযোগে দায়ের হওয়া তথ্যপ্রযুক্তি আইনের মামলা খারিজের বিরুদ্ধে সাইবার ট্রাইব্যুনালে রিভিশন আবেদন দাখিল করেছেন বাদি সাবেক যুবলীগ নেতা সাইফুদ্দিন রবি। ট্রাইব্যুনাল রিভিশন আবেদন গ্রহণ করেছেন।

আজ বৃহস্পতিবার (২৪ আগস্ট) ঢাকায় সাইবার ট্রাইব্যুনালে এই আবেদন দাখিল করা হয়েছে। বিচারক (দায়রা জজ) মো.শহীদুল ইসলাম আবেদন গ্রহণ করে নথি পর্যালোচনা সাপেক্ষে আদেশ দেবেন বলে জানিয়েছেন।

বাদির আইনজীবী অ্যাডভোকেট সুলতান এ সবুর চৌধুরী সাংবাদিকদের জানান, বাদি খারিজ আদেশের বিরুদ্ধে চট্টগ্রাম মহানগর দায়রা জজ মো. শাহে নূরের আদালতে রিভিশন আবেদন দাখিল করেছিলেন। বিচারক তথ্যপ্রযুক্তি আইনের মামলার রিভিশন আবেদনের শুনানি করার এখতিয়ার ওই আদালতের নেই জানিয়ে সাইবার ক্রাইম ট্রাইব্যুনালে যাবার পরামর্শ দিয়েছিলেন।  সেই অনুসারে বাদি সাইবার ট্রাইব্যুনালে এসেছেন। আদালত উনার রিভিশন আবেদন গ্রহণ করে নথি পর্যালোচনাপূর্বক আদেশ দেবেন বলে জানিয়েছেন।

বাদির আইনজীবী আরও জানান, তথ্যপ্রযুক্তি আইনের মামলাটি দায়েরের পর আদালত পাঁচলাইশ জোনের সহকারী পুলিশ কমিশনারকে সেটি তদন্তের নির্দেশ দিয়েছিলেন। তদন্ত প্রতিবেদনে সাংসদের বিরুদ্ধে বঙ্গবন্ধুর ছবি বিকৃতির অভিযোগের প্রমাণ মেলেনি বলে উল্লেখ করা হয়। ওই প্রতিবেদনের ভিত্তিতে গত ০৮ মার্চ চট্টগ্রামের পঞ্চম মহানগর হাকিম আল ইমরান ফৌজদারি কার্যবিধির ২০৩ ধারায় মামলাটি খারিজের আদেশ দেন।

এরপর ১৯ মার্চ তথ্যপ্রযুক্তি আইনের মামলায় মহানগর দায়রা জজ আদালতে রিভিশন আবেদন দাখিল করা হয়। ৮ মে শুনানি শেষে মহানগর দায়রা জজ সাইবার ট্রাইব্যুনালে যাবার পরামর্শ দেন।

২০১৬ সালের ৩০ জানুয়ারি চট্টগ্রামে প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটি কর্মসূচি উপলক্ষে চট্টগ্রাম-১১ আসনের সরকার দলীয় সাংসদ এম এ লতিফের লাগানো ব্যানার-ফেস্টুনে বঙ্গবন্ধুর ছবি বিকৃত করার অভিযোগ উঠে। আওয়ামী লীগের নেতা-কর্মীদের প্রবল সমালোচনার মুখে সাংসদ সংবাদ সম্মেলন করে ছবি বিকৃত করার দায় চাপান গ্রাফিক ডিজাইনারের ওপর। এ ঘটনায় ক্ষমা চান ডিজাইনার।

এই ঘটনায় লতিফের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ, তথ্যপ্রযুক্তি ও মানহানির অভিযোগ চারটি মামলা দায়ের হয়।  এর মধ্যে ৪ ফেব্রুয়ারি মানহানি এবং ৯ ফেব্রুয়ারি তথ্যপ্রযুক্তি আইনের মামলা দুটি দায়ের করেন সাইফুদ্দিন রবি।

আপনার মতামত দিন....

এ বিষয়ের অন্যান্য খবর:


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।


CAPTCHA Image
Reload Image