Thursday,28 Dec 2017
Ctgbarta24.com
চট্রগ্রাম : স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সহকারি সচিব ড. সৈয়দা নওশীন পর্ণিনী স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনের মাধ্যমে চট্টগ্রামের নবগঠিত কর্ণফুলী উপজেলার শিকলবাহা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর আলমকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।
বৃহস্পতিবার সিনিয়র সহকারি সচিব ড. সৈয়দা নওশীন পর্ণিনী স্বাক্ষরিত এক প্রজ্ঞাপন প্রকাশিত হয়।
প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, যেহেতু চট্টগ্রাম জেলার নবগঠিত কর্ণফুলী উপজেলাধীন শিকলবাহা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব জাহাঙ্গীর আলম কর্তৃক সংঘটিত অপরাধমূলক কার্যক্রমের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে; যেহেতু তার কর্তৃক ক্ষমতা প্রয়োগের বিষয়টি পরিষদের স্বার্থের পরিপন্থি ও প্রশাসনিক দৃষ্টিকোণ থেকে সমীচীন নয় মর্মে সরকার মনে করে। চট্টগ্রাম জেলার নবগঠিত কর্ণফুলী উপজেলাধীন শিকলবাহা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব জাহাঙ্গীর আলমকে স্থানীয় সরকার(ইউনিয়ন পরিষদ) আইন, ২০০৯ এর ধারা ৩৪(১) মোতাবেক তার স্বীয় পদ হতে সাময়িকভাবে বরখাস্ত করা হল।
এই আদেশ জনস্বার্থে জারি করা হল এবং তা অবিলম্বে কার্যকর হবে।
১৬ ডিসেম্বর বিজয় দিবসে কর্ণফুলী উপজেলা প্রশাসন আয়োজিত অনুষ্ঠানে হামলা চালিয়ে পণ্ড করে দেয়ার ঘটনার মামলার প্রেক্ষিতে এই আদেশ জারি করা হয়েছে।










