আতিকুর রহমান আতিক, সিটিজিবার্তা২৪ডটকম
রোববার, ১১ সেপ্টেম্বর ২০১৬
গাজীপুর প্রতিনিধি: ঈদের বাকী আর দু’দিন। আজ ১১ সেপ্টেম্বর সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মহাসড়কে যানবাহন বিকল হওয়া ও যানবাহনের সংখ্যা বেশি থাকায় ঢাকা টাঙ্গাইল মহাসড়কের কোনাবাড়ি থেকে মির্জাপুর পর্যন্ত ধীরগতিতে চলছে গাড়ি। কোথাও কোথাও থেমে থেমে সৃষ্টি হচ্ছে যানজট। এতে ভোগান্তি পোহাচ্ছেন উত্তরবঙ্গগামী হাজারো যাত্রী।
কোনাবাড়ি (সালনা) হাইওয়ে থানার ওসি মোহাম্মদ হোসেন সরকার জানায়, শনিবার রাতে ও আজ রোববার ভোরে ঐ মহাসড়কের গাজীপুর অংশের খাড়াজোড়া ও মির্জাপুরের বেশ কয়েকটি স্থানে যানবাহন বিকল হয়ে যায় । বিকল হওয়া গাড়িগুলো সরাতে দেরি হওয়ায় এই যানজটের সৃষ্টি হচ্ছে। মহাসড়কের কোনাবাড়ি, সফিপুর, চন্দ্রা, কালিয়াকৈর ও মির্জাপুরে ৩০কিঃমিঃ এলাকাব্যাপী যানবাহনের ধীর গতি থাকায় থেমে থেমে চলছে গাড়ি। তার ওপর গরু বোঝাই ট্রাক ও অতিরিক্ত বাসের চাপে কোথাও থেমে থেমে সৃষ্টি হচ্ছে যানজট। ফলে ভোগান্তিতে পড়েছেন এই রুট ব্যবহারকারী হাজারো মানুষ। বিড়ম্বনা পোহাচ্ছেন নারী, শিশু ও বৃদ্ধরা।
তবে সড়ক সচল রাখতে বিভিন্ন পয়েন্টে কাজ করছে পুলিশ, রোভার স্কাউট ও কমিউনিটি পুলিশের সদস্যরা। দুপুর নাগাদ সড়ক সচল করতে পারবেন বলে জানিয়েছেন তারা।





