শুক্রবার,৩০ সেপ্টেম্বর ২০১৬
সিটিজিবার্তা২৪ডটকম
গাজীপুর জেলা প্রতিনিধি ঃ গাজীপুরের শ্রীপুর উপজেলায় নারীসহ তিন মাদক বিক্রেতাকে গ্রেফতার করেছে পুলিশ।
২৯ সেপ্টেম্বর বৃহস্পতিবার রাতে উপজেলার বরমী বাজার পাঠানটেক এলাকা থেকে তাদের ৭০ কেজি গাঁজাসহ গ্রেফতার করা হয় বলে জানান শ্রীপুর থানার এসআই মোস্তাফিজুর রহমান।
গ্রেফতারকৃতরা হলেন পাঠানটেক এলাকার হরেন্দ্র চন্দ্র সাহার ছেলে সুশীল চন্দ্র সাহা (৪৫), আব্দুল মালেক (৫২) ও ৪২ বছর বয়সী এক নারী।
এসআই মোস্তাফিজুর রহমান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে পাঠানটেক এলাকায় অভিযান চালিয়ে সুশীল চন্দ্র সাহার শোয়ার ঘরের খাটের নিচ থেকে ৭০ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
পরে তার স্বীকারোক্তির ভিত্তিতে এক নারী ও সুশীলের পাশের বাড়ির গ্যারেজের দারোয়ান আব্দুল মালেককে গ্রেফতার করা হয়।
ওই এলাকার আসকর আলী ও তার ছেলে কবির হোসেনসহ ওই নারী বিভিন্ন স্থান থেকে গাঁজা এনে সুশীলের বাড়িত রেখে দীর্ঘদিন ধরে বিক্রি করে আসছিলেন বলে জানান এসআই।
তিনি বলেন, গ্যারেজের দারোয়ান মালেকও মাদক বিক্রির সঙ্গে জড়িত থাকারও প্রমাণ পাওয়া গেছে।
গ্রেফতার তিনজনসহ পাঁচজনের নামে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে বলে তিনি জানান।





