নিজস্ব প্রতিবেদক, সিটিজিবার্তা২৪ডটকম
শনিবার, ১৭ সেপ্টেম্বর ২০১৬
টেকনাফ:: উপজেলার হ্নীলা ইউনিয়নের অপহৃত ছাত্রলীগ নেতা জাকের হোছাইনকে অপহরণের ২৮ ঘন্টা পর উদ্ধার করেছে পুলিশ।
আজ শনিবার (১৭ সেপ্টেম্বর) বিকাল ৫ টার দিকে টেকনাফ থানার এস আই কাঞ্চন কান্তি দাশের নেতৃত্বে পুলিশ বাহারছড়া ইউনিয়নের বড় ডেইল পাহাড়ী এলাকা থেকে তাকে উদ্ধার করে।
অপহৃত জাকের হোছাইন রঙ্গিখালী এলাকার দুদু মিয়ার পুত্র। সে হ্নীলা ৭নং ওয়ার্ড ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক এবং রঙ্গিখালী ফাজিল মাদ্রাসার নবম শ্রেণীর ছাত্র। শুক্রবার দুপুর পৌনে ১ টার দিকে তাকে অপহরণ করা হয়েছিল।
এ ঘটনা আটক করা হয়েছে, টেকনাফের হ্নীলা ইউনিয়নের মৃত অছিউর রহমানের পুত্র নুরুল আলম নুরু (৪৫) ও তার পুত্র মিজানুর রহমান (২০) কে।
টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মজিদ সিটিজিবার্তা টোয়েন্টিফোর ডটকমকে জানান, অপহৃত জাকের হোছাইনের বাবা শুক্রবার সন্ধ্যায় তার পুত্রকে গতকাল দুপুর পৌনে ১ টায় অপহরণ করেছে উল্লেখ করে থানায় একটি এজাহার দায়ের করেছেন। যার প্রেক্ষিতে টেকনাফ থানা পুলিশের এস আই কাঞ্চনের নেতৃত্ব উক্ত অপহরনের ঘটনার তদন্ত শুরু করেন।
অপহরনের উক্ত অভিযোগে উল্লেখিত অভিযুক্ত ২ জনকে আজ শনিবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে রঙ্গিখালী এলাকা থেকে আটক করা হয়।
পরবর্তীতে তাদের দেয়া তথ্যের ভিত্তিতে পুলিশ উদ্ধার করেন অপহৃত ছাত্রলীগ নেতা জাকের হোছাইনকে। এ ঘটনায় উল্লেখিত এজাহারটিকে নিয়মিত মামলা হিসেবে রুজু করে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে বলে জানান টেকনাফ থানা পুলিশ।
অপহৃত জাকেরের বাবা দুদু মিয়া জানান, স্থানীয় নুরু, জালাল, সুনু ও ইসমাইলের নেতৃত্বে একটি অপরাধী চক্র তার সন্তানকে অপহরণ করে ৩ লাখ টাকা মুক্তিপণ দাবী করেছিলেন।





