
সিএমপি গোয়েন্দা বিভাগ (ডিবি) তে ফিরছেন চৌকস চার পুলিশ কর্মকর্তা। পুলিশ সুপার বাবুল আক্তারের সাথে ডিবির ‘প্রাণ’ এস আই মো. আফতাব হোসেন, রাজেশ বড়ুয়া, সন্তোষ কুমার চাকমা। ছবি- সিটিজিবার্তা২৪ডটকম
সিটিজিবার্তা২৪ডটকম, চট্টগ্রাম : পুলিশ সুপার বাবুল আক্তারের স্ত্রী মাহমুদ খানম মিতু হত্যাকাণ্ডের পর রহস্য উদঘাটনে হিমসিম খাওয়া উপ কমিশনার মোক্তার হোসেনের নেতৃত্বাধীন সিএমপির গোয়েন্দা বিভাগে মিতু হত্যা মামলার তদন্তে আলো ফেরাতে বদলি হওয়া সাবেক ডিবির ‘প্রাণ’ হিসেবে পরিচিত চৌকস চার উপ-পরিদর্শক (এস আই) কে ফের সিএমপিতে ফেরানে হচ্ছে।
রবিবার (১২ জুন) সন্ধ্যায় সিএমপিতে এক সভায় তাদের পিবিআই থেকে ডিবিতে ফেরানোর নির্দেশ দেন আইজিপি এ কে এম শহীদুল হক। তাদের সিএমপিতে স্ট্যান্ড রিলিজের আদেশ জারি করেছেন পুলিশ সদর দপ্তরের ডিআইজি (প্রশাসন) বিনয় কৃঞ্চ বালা। সিএমপির নির্ভরযোগ্য সূত্র সিটিজিবার্তা২৪ডটকম কে বিষয়টি নিশ্চিত করেছে।
সদ্য ডিবি থেকে প্রস্থান করার পর ফের ডিবিতে ফেরা চার চৌকস গোয়েন্দা কর্মকর্তারা হলেন, এস আই মো.আফতাব হোসেন, রাজেশ বড়ুয়া, সন্তোষ কুমার চাকমা এবং এস আই শিবেন বিশ্বাস।

মিতু হত্যাকান্ডের রহস্য উদঘাটনে সিএমপি ডিবি তে ফিরছেন চৌকস পুলিশ কর্মকর্তা এস আই মো. আফতাব হোসেন, রাজেশ বড়ুয়া, সন্তোষ কুমার চাকমা ও শিবেন বিশ্বাস। ছবি- সিটিজিবার্তা২৪ডটকম
এরআগে বিভাগীয় জটিলতায় নিজ থেকেই গত ২২ মে থেকে সদ্য গঠিত পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনে (পিবিআই) যোগ দিতে সিএমপির ডিবি ছাড়েন আফতাব-রাজেশ-সন্তোষ। এছাড়া ডিএমপিতে বদলীর আদেশ হওয়া এস আই শিবেন বিশ্বাসেরও বদলী স্থগিত করে ডিবিতে পদায়ন করা হয়েছে।
সিএমপির দক্ষ ও চৌকস কর্মকর্তা হিসেবে চার উপ-পরিদর্শকের খ্যাতি আছে। ন্যূনতম সূত্রবিহীন চাঞ্চল্যকর ঘটনা থেকে শুরু করে অপহরণ, জোড়া খুন, ব্যাংক ডাকাতি সবখানেই তদন্ত এবং আসামি গ্রেফতারের জন্য ডাক পড়ত তাদের। জামায়াত-শিবিরের নাশকতা মোকাবেলার অগ্রভাগেও ছিলেন তারা।
এদিকে সংশ্লিষ্ট মহলে বলা হচ্ছে, জঙ্গি বিরোধী অভিযানে অভিজ্ঞ বাবুল অাক্তারের ঘনিষ্ট এই সহকর্মী হিসেবে পরিচিত চৌকস কর্মকর্তা অনেকটা অভিমান করেই ডিবি ত্যাগ করেছিলেন। এখন মিয়ম্রাণ ও নানাভাবে সমালোচিত ডিবিতে তাদের ঘরে ফেরার মধ্যে দিয়ে ফের প্রাণ ফিরে পাবে সিএমপি গোয়েন্দা বিভাগে। এই চারজনেরই আমেরিকা থেকে বোম্ব স্কোয়ার্ড বিষয়ে প্রশিক্ষণ রয়েছে।
সিটিজিবার্তা২৪ডটকম/ আরকে/ জেএ




