জেলা প্রতিনিধি, সিটিজিবার্তা২৪ডটকম
বৃহস্পতিবার, ২২ সেপ্টেম্বর ২০১৬
ফরিদপুরঃ নিজের একমাত্র সন্তান ফারদিন হুদা মুগ্ধের দেওয়া আগুনে দগ্ধ হয়ে ফরিদপুরের ব্যবসায়ী বাবা এ টি এম রফিকুল হুদার মৃত্যুর ঘটনায় হত্যা মামলা হয়েছে।
গতকাল বুধবার রফিকুল হুদার ভগ্নিপতি আকরামউদ্দিন বাদী হয়ে এ মামলা করেন বলে জানান, ফরিদপুর কোতোয়ালি থানার ওসি মো. নাজিম উদ্দিন।
মামলায় রফিকুল হুদার একমাত্র কিশোর ছেলে ফারদিন হুদা মুগ্ধকে আসামি করা হয়েছে বলে জানান তিনি।
নতুন মোটরসাইকেল চেয়ে না পেয়ে গত ১৫ সেপ্টেম্বর বৃহস্পতিবার বিকালে ফরিদপুর জেলা শহরে কমলাপুরে ঘরে থাকা পেট্রোল ঢেলে দিয়ে বাবার গায়ে আগুন দেয় সদ্য এসএসসি উত্তীর্ণ কিশোর মুগ্ধ। এতে রফিকুল হুদার শরীরের ৯৫শতাংশ আগুনে গুরুতর দগ্ধ হয়ে যায়। স্বামীর শরীরে আগুন নেভাতে গিয়ে আহত হন তার স্ত্রী সিলভিয়া হুদা।
একমাত্র সন্তানের দেওয়া আগুনে দগ্ধ হওয়ার সাত দিন মৃত্যুযন্ত্রণায় কাৎরাতে থাকা হতভাগ্য এ বাবা গতকাল বুধবার ভোরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তিনি সাবেক প্রধান নির্বাচন কমিশনার এটিএম শামসুল হুদার ছোট ভাই রফিকুল হুদা।
ওসি নাজিম উদ্দিন জানান, পুলিশ আসামি মুগ্ধকে আইনের আওতায় আনার চেষ্টা করছে।





