সোমবার, ০৭ ডিসেম্বর ২০১৫
সিটিজিবার্তা২৪ডটকম
নিজস্ব প্রতিবেদক : চট্রগ্রাম নগরীর কোতোয়ালী থানার টেরিবাজার এলাকায় একটি হোটেলে অভিযান চালিয়ে ৪ হাজার ৭শ’ ৬০ পিস ইয়াবাসহ এক ইয়াবা ব্যবসায়ীকে আটক করেছে র্যাব।
সোমবার সন্ধ্যা সাতটার দিকে ‘নিউ তানিয়া হোটেল রেস্টুরেন্ট এন্ড বিরানী হাউজ’ এর ২য় তলায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
আটককৃত ইয়াবা ব্যবসায়ীর নাম মো. রয়েজ উদ্দিন (৩০)। তিনি কক্সবাজার জেলার টেকনাফ উপজেলার নাজিরপাড়া গ্রামের নজিত আহমদের ছেলে।
র্যাবের চট্টগ্রাম জোনের এএসপি শাহেদা সুলতানা জানান, গোপন সংবাদের ভিত্তিতে নগরীর কোতোয়ালী থানাধীন টেরিবাজারস্থ নিউ তানিয়া হোটেল রেস্টুরেন্ট এন্ড বিরানী হাউজ এর ২য় তলায় অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী রয়েজ উদ্দিনকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ৪ হাজার ৭শ’ ৬০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এছাড়া মাদক বিক্রির নগদ ৫৫০ টাকা, ০১টি মোবাইল সেট ও ০১টি সীম জব্দ করা হয়।
এ ঘটনায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান তিনি।




