খেলা ডেস্ক, সিটিজিবার্তা২৪ডটকম
শনিবার, ১৭ সেপ্টেম্বর ২০১৬
বার্সার তিন গোলমেশিন লিওলেন মেসি, নেইমার ও সুয়ারেজ যেন জেগে উঠেছেন। গত ম্যাচে কাতালানরা চ্যাম্পিয়ন্স লীগের গ্রুপ পর্বে ৭-০ গোলে সেল্টিককে উড়িয়ে দেয়। এর পরের ম্যাচে আবারো প্রতিপক্ষকে গোলবন্যায় ভাসিয়ে দিলো বার্সেলোনা।
আজ স্প্যানিশ নবাগত লেগানেসকে ৫-১ গোলে হারাল মেসির দল। গত ম্যাচের মতো এই ম্যাচেও বার্সার সামনে পাত্তাই পায়নি প্রতিপক্ষরা।
খেলার ১৫ মিনিটে লুইস সুয়ারেজের পাস থেকে পাওয়া বলে গোল করেন মেসি। এরপর ৩১ মিনিটে দ্বিতীয় গোলটিও মেসি-সুয়ারেজের জুটির কল্যানে।
সেবার সুয়ারেজ পাশ করলেও এই দফায় সুয়ারেজকে বলের জোগান দেন মেসি। আর সেটি থেকে গোল পেতে সমস্যা হয়নি উরুগুয়ের স্ট্রাইকারের।
২-০ গোলের ব্যবধান নিয়েই যখন বিরতিতে যাওয়ার সময় হচ্ছিল ঠিক সেই সময়ই এমএসএনের আরেক সেনাপতি নেইমার গোল করে ব্যবধানটা ৩-০ করে ফেলেন।
সুয়ারেজের বাড়িয়ে দেওয়া বলে চমৎকার গোল করেন ব্রাজিল সেনসেশন নেইমার।
বিরতি থেকে ফিরে আবার আক্রমণ জোরদার করে বার্সা। শুরুর পাঁচ মিনিটে কয়েকবার লেগানেসের রক্ষণভাগ কাঁপিয়ে দেন নেইমার-মেসি।
৫৫ মিনিটে নেইমারকে ফাউল করায় পেনাল্টি পায় বার্সা। আর দুর্দান্ত শটে গোলরক্ষকে পরাস্ত করেন মেসি।
৬৪ মিনিটে দিনের সবচেয়ে আকর্ষণীয় গোলটি করেন রাফিনিয়া। প্রায় ৩০ গজ দূর থেকে নেয়া রাফিনিয়ার শট খুঁজে নেয় লেগানেসের জাল।
তবে ৮০ মিনিটে স্বাগতিকদের সান্ত্বনার গোলটি করেন গ্যাব্রিয়েল।
এই জয়ে স্প্যানিশ লা লীগায় চার ম্যাচে বার্সেলোনার সংগ্রহ ৯ পয়েন্ট। তবে এক ম্যাচ কম খেলে রিয়াল মাদ্রিদের পয়েন্টও ৯। সূত্র: সনি সিক্স





