Monday,12 March 2018
ctgbarta24.com
নেপালে ইউএস-বাংলার বিমান বিধ্বস্তের ঘটনায় দেশটিতে হটলাইন চালু করেছে বাংলাদেশ দূতাবাস। পররাষ্ট্র প্রতিমন্ত্রী মোহাম্মদ শাহরিয়ার আলম সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এ তথ্য জানিয়েছেন।
হটলাইনের নম্বরগুলো হলো- Md. Al alamul Emam, কনসুলার +9779810100401 এবং Asit Baran Sarker, ফার্স্ট সেক্রেটারি +9779861467422
দূতাবাসের সব কর্মকর্তা হাসপাতাল ও বিমানবন্দরে রয়েছেন জানিয়ে সুনির্দিষ্ট তথ্য পেতে তাদের অন্তত ২ ঘণ্টা সময় লাগবে বলেও পোস্টে উল্লেখ করেন প্রতিমন্ত্রী।
নেপালের কাঠমান্ডুতে বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় ৫০ জন নিহত হয়েছেন বলে দেশটির সেনাবাহিনীর মুখপাত্র বরাত দিয়ে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরে উদ্ধারকাজে অংশ নিয়েছে দেশটির সেনাবাহিনীর সদস্যরা।
সোমবার (১২) মার্চ দুপুর আড়াইটার দিকে কাঠমান্ডুর ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের সময় বিধ্বস্ত হয় ইউএস বাংলা এয়ারলাইন্সের বিমানটি। নেপাল সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, দুর্ঘটনায় ৫০ জন নিহত হয়েছে।
নেপালের গণমাধ্যম কাঠমান্ডু পোস্ট জানিয়েছে, ওই বিমানে ৭১ জন আরোহী ছিল। ত্রিভুবন বিমানবন্দরের মুখপাত্র প্রেম নাথ ঠাকুরের বরাত দিয়ে কাঠমান্ডু পোস্ট জানিয়েছে, বিমানবন্দরের রানওয়েতে অবতরণের সময় বিমানটির এক পাশে কাত হয়ে আগুন ধরে যায়। এতে পাশের একটি ফুটবল মাঠে গিয়ে বিধ্বস্ত হয় বিমানটি।




