নিজস্ব প্রতিবেদক, সিটিজিবার্তা২৪ডটকম
চট্টগ্রাম: সীতাকুণ্ডের ফৌজদারহাটে রেললাইনে একটি কাভার্ড ভ্যানের সঙ্গে চট্টগ্রামগামী সুবর্ণ এক্সপ্রেস ট্রেনে সংঘর্ষ হয়েছে।
আজ বুধবার (২৬ অক্টোবর) সীতাকুন্ডের ফৌজদারহাট স্টেশনের অদূরে এই সংঘর্ষের ঘটনায় ডাউন লাইনে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।
রেলওয়ে সূত্র জানায়, আজ বিকেল ৪টায় ঢাকা কমলাপুর থেকে ছেড়ে আসা সুবর্ণ এক্সপ্রেসের সঙ্গে ফৌজদারহাট স্টেশনের কাছে রাত ৯টা ৩৫ মিনিটে একটি কাভার্ড ভ্যানের সংঘর্ষ হয়। এতে ট্রেনের ইঞ্জিন ক্ষতিগ্রস্ত হয়েছে। ওই কাভার্ড ভ্যানটি রেললাইনে উঠে গেলে চট্টগ্রামগামী সুবর্ণ এক্সপ্রেস সেটিকে ধাক্কা দেয়। ফলে ডাউন লাইনে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।
রেলওয়ের পাহাড়তলী নিয়ন্ত্রণ কক্ষের ‘চিফ পাওয়ার কন্ট্রোলার’ রাজেন্দ্র প্রসাদ ভৌমিক রাত ১০টায় সিটিজিবার্তাকে বলেন, সীতাকুণ্ড ফৌজদার স্টেশনের অদূরে রেললাইনের উপরে একটি কাভার্ড ভ্যান উঠে যায়। ওই সময় চট্টগ্রাম গামী সুবর্ণ এক্সপ্রেস আসছিল। তখনই কাভার্ড ভ্যানের সঙ্গে ট্রেনের সংঘর্ষ হয়। এতে ট্রেনের ইঞ্জিন ও কাভার্ড ভ্যানটি ক্ষতিগ্রস্ত হয়।
রাজেন্দ্র প্রসাদ আরও জানান, ঢাকা থেকে যাত্রীবোঝাই করে ছেড়ে আসা সুবর্ণ এক্সপ্রেসকে চট্টগ্রাম স্টেশনে নিয়ে আসার জন্য একটি ইঞ্জিন পাঠানো হয়েছে। পুলিশের কাছ থেকে রেকার চাওয়া হয়েছে, যাতে রেললাইন থেকে কাভার্ড ভ্যান সরিয়ে নেওয়া সম্ভব হয়। এক-দেড় ঘণ্টার মধ্যে উদ্ধার অভিযান শেষ করা যাবে বলে আশা করা যাচ্ছে।





